রংপুরে বাস উল্টে শিশুসহ নিহত ৩
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা খেয়ে বাস উল্টে শিশুসহ তিন যাত্রী নিহত হয়েছেন, আহত হন অন্তত ৩০ জন।
সোমবার দুপুরে রংপুর-ঢাকা মহাসড়কের বত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লালমনিরহাট সদরের তালেব আলী (৫৫), কুড়িগ্রামের উলিপুরের আকবর আলীর মেয়ে আশুরা বেগম (৬) ও আজমল হোসেনের ছেলে আকিকুল ইসলাম (৪৫)।
আহতদের মধ্যে ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহত সবাই বাসযাত্রী বলে পুলিশ জানিয়েছে।
পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল হক প্রধান জানান, বত্রিশমাইল এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।
বেলা আড়াইটার দিকে কুড়িগ্রামের চিলমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রোমার এন্টারপ্রাইজ নামের একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়।
এতে বাসটি উল্টে সড়কের পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর মৃত্যু হয়।
আহতদের মধ্যে ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরও কয়েকজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।
সার্জেন্ট নাজমুল আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছে বলে জানান তিনি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক চিকিৎসক আব্দুল কাদের খান জানান, আহত ১০ জনের অবস্থা গুরুতর নয়। তাদের হাত, পা ও মাথায় জখম হয়েছে। কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন।
ঘটনাস্থল পরিদর্শন করে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চালক ও সহকারীকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
