২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে এক বাসায় ‘ডাকাতি’, লুটপাট, আহত ২

চাঁদপুর শহরে বাসায় ঢুকে বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় দেড় লাখ টাকা ও ছয় ভরি সোনার গয়না লুটে নিয়ে গেছে ডাকাতরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 01:43 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

রোববার রাত ৮টার দিকে ছৈয়াল বাড়ি এলাকায় ‘নূরজাহান ভবন’ নামে চারতলা একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ওই বাড়ির মালিক ব্যবসায়ী দুলাল মজুমদার ও তার স্ত্রী নূরজাহান বেগমকে ডাকাতরা মারধর করেছে বলে চাঁদপুর সদর মডেল থানার ওসি এএইচ এনায়েতউদ্দিন জানান।

দুলাল তার পরিবার নিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকেন। ভবনের অন্য তলায় ভাড়াটিয়ারা থাকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাতের বেলা ৭/৮ জন লোক কলিংবেল বাজিয়ে বাসায় ঢুকে সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। বাধা দিতে গেলে তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয়।

“পরে তারা আমার ছেলের বউ হালিমা বেগম, ছোট মেয়ে তাসলিমা আক্তারসহ সবাইকে হাত-পা ও চোখ বেঁধে একটি ঘরে আটকে রাখে। আমার দেড় বছরের নাতির গলায় ছুরি ধরে সবাইকে চিৎকার করতে নিষেধ করে।”

পরে তারা প্রায় দুই ঘণ্টা ধরে বাসায় লুটপাট চালায় এবং ঘরে থাকা দেড় লাখ টাকা ও ছয় ভরি গয়নাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায় বলে নূরজাহান জানান।

রাত ১০টার দিকে দুলালের বড় ছেলে শাহাদাত ও নাতি পারভেজ বাসায় এসে ঘটনা জানতে পেরে পুলিশে খবর দেন।

ওসি এনায়েতউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় সোমবার সকাল পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।