২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোর সন্দেহে পিটুনি, ডাকাতি মামলার আসামির মৃত্যু

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় গভীর রাতে গরুচোর সন্দেহে এলাকাবাসী এক ব্যক্তিকে পিটিয়ে মেরেছে, যিনি একাধিক মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 12:32 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. মজিবর রহমান জানান, রোববার রাত ৩টার দিকে সিরাজনগর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুসার (৪৫) বাড়ি উপজেলার বেওতা গ্রামে। তার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান ওসি।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গভীর রাতে মুসা কলাতিয়ার নাজিরপুরের একটি বাড়ি থেকে দুটি গরু চুরি করে সিরাজনগর নতুন বাজারের একটি খোলা মাঠ দিয়ে যাচ্ছিলেন। এ সময় এলাকাবাসী তাকে গরুসহ ধরে ফেলে এবং বেদম পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুটি গরু উদ্ধার করে।

আইনগত প্রক্রিয়ার মাধ্যমে গরুগুলো প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানান ওসি।