২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশের কারণে নাশকতা থেকে বেরোনোর পথ পেয়েছি’

সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 03:32 AM

Updated : 22 Aug 2022, 12:17 PM

২০১৪ সালে রাজনৈতিক সংহিসতাসহ বিভিন্ন কারণে দায়িত্ব পালনের সময় মারা যাওয়া পুলিশ সদস্যদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, “সমগ্র জাতি বলে- পুলিশ ছিল বলে আমরা জঙ্গিবাদ, সহিংসতা ও নাশকতা থেকে বেরোনোর পথ খুঁজে পেয়েছি।”

রোববার রাতে রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন সেন্টারে ওই সব পুলিশ সদস্যের স্বজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পুলিশ সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৪ সালে দেশব্যাপী দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করা ১০২ জন পুলিশ সদস্যের পরিবারকে সম্মাননা দেওয়া হয়েছে।

তাদের রাজনৈতিক সহিংসতায় নিহত ১০ জনের প্রত্যেকের পরিবারকে এক লাখ এবং বাকিদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

নিহত পুলিশ সদস্যদের স্বজনদের ‘গর্বিত শহীদ পরিবারের সদস্য’ অভিহিত করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, “আপনাদের সান্ত্বনা দেবার কোনো ভাষা নেই। যারা দায়িত্ব পালন করতে গিয়ে মারা গিয়েছেন তারা আমাদেরই ভাই, বাবা ও স্বজন।

“আগামীতে তাদের সন্তানরাও যেন দেশমাতৃকার সাহসী সৈনিক হয়ে উঠতে পারে সেই কামনা করি।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।