৬ষ্ঠ দিনে মুজাহিদের আপিল শুনানি
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের ওপর শুনানি হয়েছে।
রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ পঞ্চম দিনের মত শুনানি গ্রহণ করে সোমবার পরবর্তী দিন রেখেছে।
বেঞ্চের অপর তিন সদস্য হলেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
গত ১৫ এপ্রিল আপিল বিভাগ আপিলের ওপর শুনানির জন্য ২৮ এপ্রিল দিন ধার্য করে। তবে ওইদিন সিটি করপোরেশন নিবাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকায় শুনানি হয়নি।
প্রায় ২১ মাস পর ২৯ এপ্রিল আপিলের ওপর শুনানি শুরু হয়। এরপর ৪, ৫, ৬ ও ১৭ মে শুনানি গ্রহণ করে আদালত।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাজাহান। তাকে সহায়তা করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সকাল পৌনে ১০টা থেকে মাঝে আধ ঘণ্টা বিরতি দিয়ে সোয়া ১টা পর্যন্ত শুনানি চলে। রোববার শুনানিতে আসাপিক্ষ পেপারবুক থেকে ট্রাইব্যুনালের রায় থেকে অংশবিশেষ পড়ে শোনান।
পরে আইনজীবী এস এম শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাইব্যুনালের রায়ে অভিযোগগুলো (চার্জ) উল্লেখ আছে। রায় থেকে পঞ্চম ও ষষ্ঠ অভিযোগ উপস্থাপনের পর সপ্তম অভিযোগ উপস্থাপন শুরু করা হয়েছে। সোমবার আদালত শুনানির জন্য রেখেছেন।”
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়।
ওই রায়ের বিরুদ্ধে সে বছর ১১ অগাস্ট আপিল করেন মুজাহিদ। রাষ্ট্রপক্ষ আপিল না করলেও শুনানিতে অংশ নিয়ে দণ্ড বহাল রাখতে যুক্তিতর্ক উপস্থাপন করবে বলে জানিয়েছে।
দুটি ট্রাইব্যুনালে গত পাঁচ বছরে ১৭টি মামলায় রায় হয়েছে। এর মধ্যে ১৪টি মামলার ক্ষেত্রে আপিল হয়েছে।
এর মধ্যে তিনটি মামলায় আপিল বিভাগের চূড়ান্ত রায় এসেছে; দণ্ড কার্যকর হয়েছে জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামানের।
আপিল বিভাগের আরেক রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত না হওয়ায় রিভিউ নিষ্পত্তি হয়নি।
এছাড়া শুনানি চলার মধ্যেই মুক্তিযুদ্ধকালীন জামায়াত আমির গোলাম আযম ও বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের মৃত্যু হওয়ায় তাদের আপিলের নিষ্পত্তি হয়ে গেছে।
আর সব মিলিয়ে আটটি মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানির অপেক্ষায় রয়েছে।
