বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে: খন্দকার মাহবুব
বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে এবং নিম্ন আদালতকে দলীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোববার কুষ্টিয়ায় আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আজকে বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে। নিম্ন আদালতকে দলীয়করণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের ভাবমূর্তিও ক্ষুণ্ন করা হয়েছে।”
“যে যে দলই করি না কেন, যদি বিচার বিভাগের উপর আঘাত আসে, তবে কেউ বসে থাকবে না,” বলেন খন্দকার মাহবুব।
নিরপেক্ষ বিচার নিয়ে সংশয় প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি খন্দকার মাহবুব যদি বিএনপি ক্ষমতায় থাকাকালে কোনো বিচারকের কাছে যাই, তবে তিনি কি নিরপেক্ষ বিচার করতে পারবেন?”
খন্দকার মাহবুব দাবি করেন- বিভিন্নভাবে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে চাপের মুখে রাখা হয়েছে।
মতবিনিময় সভায় কুষ্টিয়া আইনজীবী সমিতির সহ-সভাপতি ইমদাদুল হক তারার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমিরুল ইসলামসহ বিএনপি সমর্থক আইনজীবীরা।
