২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় খান-এ-সবুরের নামে সড়ক থাকায় ক্ষোভ

খুলনা নগরীতে স্বাধীনতাবিরোধী খান-এ-সবুরের নামে সড়কের নাম থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 08:46 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

রোববার খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি বলেন, “ছাত্রলীগ-যুবলীগের বুকের পাটা নেই। তা  যদি থাকত তাহলে খুলনায় এখনও রাজাকার খান-এ-সবুরের নামে সড়কের নাম থাকত না।”

মুনতাসীর মামুন বলেন, “রাজাকার খান-এ-সবুরের নামে খুলনার সড়কের নাম রাখা যাবে না। এ বিষয়ে উচ্চ আদালতে তার (মুনতাসীর মামুন) দায়ের করা রিট আবেদনের পর সড়কের নাম হিসেবে খান-এ-সবুরের নাম স্থগিত করে পুরনো নাম বহাল রাখার নির্দেশ দেওয়া হয়।”

খুলনা মহানগরীতে খুলনা-যশোর সড়কের নাম রাজাকার খান-এ-সবুরের নামে রয়েছে।

খুলনা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ও বিএনপি নেতা শেখ তৈয়েবুর রহমানের সময় সড়কটির নাম পরিবর্তন করে খান-এ-সবুরের নামে রাখা হয়।

মুনতাসীর মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দুই বছর আগে তিনি ও লেখক-সাংবাদিক শাহরিয়ার কবীর উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন।

দেশের কোথাও যেন স্বাধীনতা বিরোধীদের নামে কোনো স্থাপনা বা নামকরণ না থাকে তার আবেদন জানানো হয় ওই রিটে।

রিটে খুলনায় রাজাকার খান-এ-সবুর ও চট্টগ্রামে ফজলুল কাদের চৌধুরীর নামে সড়ক এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের নাম পরিবর্তন করতে নির্দেশনা চাওয়া হয়।

“রিট করার দুই/তিন দিনের মধ্যে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী রুল জারির নির্দেশ দেন। নির্দেশে খুলনার খান-এ-সবুর ও চট্টগ্রামের ফজলুল কাদের চৌধুরীর নামে সড়ক এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের নাম স্থগিত করা হয়।”

এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সাত দিনের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তৎকালীন সচিবকে নির্দেশ দেওয়া হয় বলে জানান মুনতাসীর মামুন।

আদালতের আদেশের কপি সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনকেও দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে খুলনা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুজ্জামান মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খান-এ-সবুরের নামে সড়কের নাম স্থগিত করার আদালতের নির্দেশনা সম্পর্কিত কোনো চিঠির কথা তার জানা নেই।

খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান বিশ্বাস জানান, তিনি এক বছর আগে সিটি করপোরেশনে যোগদান করেছেন। খান-এ-সবুরের নামে সড়কের নাম স্থগিত করার বিষয়টি তিনি অবহিত নন।

‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মুনতাসীর মামুন।

সভায় অন্যদের মধ্যে চিত্রশিল্পী হাশেম খান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর,  ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট’র ট্রাস্টি সম্পাদক শেখ বাহারুল আলম বক্তব্য দেন।

মুনতাসীর মামুন বলেন, সংসদ সদস্যরা মাদ্রাসায় টাকা দিতে পারেন, কিন্তু মুক্তিযুদ্ধের জন্য যে সংগঠনগুলো কাজ করে তাদের সহায়তা করেন না।

“সংসদ সদস্যরা কোটি টাকা পান, অথচ মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠনগুলো থাকে অবহেলিত।”

খুলনায় স্থাপিত ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টে খুলনার কোনো সংসদ সদস্য,  উপদেষ্টা ও মন্ত্রীর কোনো সহায়তা নেই দাবি করে তিনি বলেন, “তাদের দায়িত্ব মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠনগুলো খুঁজে বের করে সেগুলোর জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করা। কিন্তু তারা তা করছেন না, যদিও এটি তাদের গণতান্ত্রিক দায়িত্ব।”