আমতলী কলেজে পরীক্ষা কেন্দ্র পুনর্বহাল
বরগুনায় বাতিল হওয়া আমতলী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের আদেশ দিয়েছে উচ্চ আদালত।
রোববার বিচারপতি রেজাউল হক ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো আমতলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান তাকে বিষয়টি জানিয়েছেন। তবে আদেশের কপি এখনও হাতে পাননি।
রোববার আমতলী পৌরসভার সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু আমতলী ডিগ্রি কলেজে পরীক্ষা কেন্দ্র পনর্বহালের জন্য একটি রিট আবেদন করেন।
বাদীর আইনজীবী মাইনুল ইসলাম জানান, আদেশের একটি কপি বরিশাল শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
আমতলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় শিক্ষকদের নকলে সহযোগিতার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে গত ১০ মে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তিন সদস্যের তদন্ত দল ঘটনাটি তদন্ত করে।
তদন্ত শেষে ১১ মে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমতলী পরীক্ষা কেন্দ্রের পরবর্তী পরীক্ষাগুলো পটুয়াখালী মহিলা কলেজ কেন্দ্রে নেওয়ার নির্দেশ দেন।
