২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল নিবন্ধনের জন্য ১৫ দিন সময়

সারা দেশে যারা নিবন্ধন ছাড়াই অবৈধভাবে মোটরসাইকেল চালাচ্ছেন তাদের ১৫ দিন সময় বেঁধে দিয়েছে পুলিশ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 03:23 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

নিবন্ধনবিহীন মোটরসাইকেল ধরতে আগামী ৩ জুন সারাদেশে অভিযান শুরু হবে বলে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক জানিয়েছেন।

রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগামী ১৫ দিনের মধ্যে মোটরসাইকেল নিবন্ধনের সময় দেয়া হল।”

তিনি জানান, পুলিশের অভিযান শুরু হলে কেউ নিবন্ধনের কাগজ দেখাতে না পারলেও বিআরটিএতে নিবন্ধনের টাকা জমা দেওয়ার রসিদ দেখালেও চলবে।

“কিন্তু কোনো কাগজ দেখাতে না পারলে সেই মোটরসাইকেল পুলিশ নিজেদের হেফাজতে নেবে। যতদিন না বাহক কাগজ দেখাতে পারেন ততদিন বাহনটি পুলিশের কাছে থাকবে।”

রাজধানীতে বেপরোয়া চলাচলের কারণে এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  দুই চাকার এ বাহনটিকে ‘মূর্তিমান আতঙ্ক’ বলেছিলেন।

গতবছর বিআরটিএর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী বলেন,“মোটরসাইকেলের উৎপাতে ফুটপাতে পথচারীরা শান্তিমতো চলাচল করতে পারে না। এরা মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।”

মোটরসাইকেলকে রাজধানীতে সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ হিসাবে চিহ্নিত করে সে সময় মন্ত্রী মোটরসাইকেলের অবৈধ চলাচল বন্ধ এবং ‘বেপরোয়া চালকদের’ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন।

পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, মাইনুর রহমান চৌধুরী, যুগ্ম কমিশনার মনিরুল ইসলামসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবপাচার

সাম্প্রতিক সময়ে আলোচিত মানবপাচার প্রসঙ্গ নিয়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের মুখোমুখী হন পুলিশ প্রধান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মানবপাচার প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার জনগণকে সঙ্গে নিয়ে পুলিশ ব্যাপক অভিযানে নামবে।”

গত দুই সপ্তাহে থাইল্যান্ড, মালায়েশিয়া ও ইন্দোনেশিয়া উপকূলে পাচারের শিকার প্রায় তিন হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে, যাদের সবাই বাংলাদেশি ও রোহিঙ্গা বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর।   

থাই পুলিশ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করায় এবং মালয়েশীয় ও ইন্দোনেশীয় নৌবাহিনী কঠোর অবস্থান নেওয়ায় আরও পাচারকারীদের আরও বহু নৌকা সাগরে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। এসব নৌকায় অন্তত ৮ হাজার মানুষ আটকে আছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থার ধারণা।  

মানবপাচার নিয়ে এই আলোচনার মধ্যেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সম্প্রতি সাংবাদিকদের বলেন, “থাইল্যান্ডে অবৈধভাবে যারা লোক পাঠিয়েছেন, সেসব অপরাধীদের খুঁজে বের করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তার ওই ঘোষণার পর কক্সবাজারসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে; পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন সন্দেহভাজন চার মানবপাচারকারী।

এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক সাংবাদিকদের বলেন, “পুলিশ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাজ করে। কারও বিরুদ্ধে মানবপাচারের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ভারতের শিলংয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা সালাহ উদ্দীনকে দেশে ফিরিয়ে আনা হবে কি না জানতে চাইলে আইজিপি বলেন, “সেখানে তাদের আইনি প্রক্রিয়া শেষ হলে আসামি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনা হবে।”

শহীদুল হক বলেন, জঙ্গিবাদ মোকাবেলায় ‘ব্যুরো অব কাউন্টার টেরোরিজম’ নামে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠনের প্রস্তাব সরকারের বিবেচনায় রয়েছে।

উগ্রপন্থি সংগঠন আনসারউল্লাহ বাংলাটিমকে নিষিদ্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। 

“সম্প্রতি কয়েকজন ব্লগারকে হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ব্লগারদের নিরাপত্তা নিশ্চিতে তাদের সঙ্গে মতবিনিময় করা হবে।”

অন্যদের মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, মাইনুর রহমান চৌধুরী, মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।