২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি সাংবাদিকতা বিভাগের সভাপতির অপসারণ চান শিক্ষকরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতিকে অপসারণের জন্য তিন দিনের সময় বেঁধে দিয়েছেন তার সহকর্মী বিভাগের তিন শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 11:50 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

বৃহস্পতিবার ওই বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ, উজ্জ্বল কুমার মণ্ডল ও রাকিব আহমেদ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আমিনা ইসলামের অপসারণ দাবি করে উপাচার্যের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকরা সাংবাদিকদের এ তথ্য জানান।

অভিযোগপত্রে বলা হয়, “বিভাগের বর্তমান সভাপতি জনাব আমিনা ইসলাম বিভাগের শিক্ষকদের সম্মানহানি, অসৌজন্যমূলক ও প্রভুসূলভ আচরণ, একের পর এক অনিয়ম ও দুর্নীতি, শিক্ষক-শিক্ষার্থীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, স্বেচ্ছাচারিতা ও দায়িত্বজ্ঞানহীনতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন।

“তাঁর প্রশ্নবিদ্ধ কার্যক্রমসমূহ প্রাতিষ্ঠানিক ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপত্তিকর বিধায় আমরা তার প্রতি অনাস্থা জ্ঞাপনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।”

অভিযোগপত্রে বিভাগের শিক্ষকের উপর পুলিশি হামলার বিষয়ে বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থতা ও নৈতিক-যৌক্তিক আন্দোলন বন্ধের অপচেষ্টা, অসৌজন্যমূলক আচরণকারী, একাডেমিক কমিটির সভার কার্যবিবরণী পরিবর্তন, ভয়ভীতি ও হুমকি প্রদানকারী, ক্যামেরা ক্রয়-সংক্রান্ত দুর্নীতি ও অনিয়ম, শিক্ষা সফর বিষয়ে অসহযোগিতা ও বিভিন্ন দিবস ও অনুষ্ঠান পালনে রহস্যময় নীরবতার কারণ দেখিয়ে স্মারকলিপিতে সভাপতির পদত্যাগ দাবি করেন শিক্ষকেরা।

বিভাগীয় শিক্ষক সহকারী অধ্যাপক উজ্জল কুমার মণ্ডল বলেন, “আমাদের দাবির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষাসহ বিভাগের কোনো কাজে অংশ নেব না।”

অভিযোগের ব্যাপারে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আমিনা ইসলাম বলেন, “শিক্ষকদের পদত্যাগের দাবির বিষয়ে আমি কিছু জানিনা। আমাকে কিছু জানানো হয়নি।”

এ ব্যাপারে উপাচার্য ফারজানা ইসলামের সঙ্গে যোগাযোগ করতে ফোনে তাকে পাওয়া যায়নি।

২০১১ সালে প্রতিষ্ঠিত জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বর্তমানে চার শিক্ষক রয়েছে।