বরিশালে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত
বরিশালের হিজলায় গণপিটুনিতে এক ‘ডাকাত’ নিহত হয়েছে।
শনিবার রাতে উপজেলার একতা বাজারসংলগ্ন খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ সরদার (৪০) উপজেলার খুন্না-গবিন্দপুর গ্রামের মালেক সরদারের ছেলে।
হিজলা থানার ওসি গোলাম সরোয়ার তুহিন জানান, ইউসুফ একজন পেশাদার ডাকাত ছিল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাতে ডাকাতি করার উদ্দেশ্যে ৮/১০ জনের একটি দল ট্রলারযোগে একতা বাজার সংলগ্ন খেয়াঘাটে আসে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দেয়।
“এ সময় অন্যরা পালিয়ে গেলেও ইউসুফকে ধরে স্থানীয়রা মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
