ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে চট্টগ্রামে ফের অভিযান
বন্দরনগরী চট্টগ্রামে আবারও ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে অভিযান শুরু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
শুক্রবার সকাল থেকে এ অভিযান শুরুর পর নগরীর বিভিন্ন সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল একেবারেই কমে গেছে।
এদিকে অভিযানকে কেন্দ্র করে ফের মুখোমুখি অবস্থানে গেছে পুলিশ এবং রিকশচালক ও মালিকরা।
পুলিশ বলছে, তারা কেবল আদালতের নির্দেশ বাস্তবায়ন করছে। আর ব্যাটারিচালিত রিকশার চালক-মালিকরা বলছেন, ‘যে কোনো মূল্যে’ তারা রিকশা চালাবেন।
এর আগে গত মার্চেও চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে অভিযান চালিয়েছিল পুলিশ। তবে সিটি নির্বাচনের আগে নগরীতে এ ধরনের রিকশা চলাচলে বাধা দেওয়া হয়নি।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও প্রশাসন) এ কে এম শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাটারিচালিত রিকশা আদালতের নির্দেশে অবৈধ। সুতরাং এ ধরনের বাহন শহরে চলতে দেওয়া যায় না।
“এতদিন তাদের সময় দেওয়া হয়েছে। নিজেদের পক্ষে তারা আদালতের কোনো নির্দেশনা দেখাতে পারেনি। এখন অভিযান চলবে।”
অন্যদিকে ব্যাটারিচালিত রিকশা শ্রমিক-মালিক লীগের সভাপতি স্বপন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন তাদের ‘আশ্বাস’ দিয়েছিলেন। এখন তারা মেয়রের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন।
“ব্যাটারিচালিত রিকশা যে কোনো মূল্য চলবে। সিটি করপোরেশন লাইসেন্স দিলে রাজস্ব বাড়বে। নগরবাসীরও যাতায়াতের সুবিধা হবে।”
গত বছর ৩ জুলাই ঢাকা ও চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশ দেয় উচ্চ আদালত। এরপর ওই বছর ৩১ অগাস্ট থেকে বন্দরনগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান শুরু করে নগর পুলিশ।
রিকশা মালিক ও চালকরা সে সময় সেসময় আন্দোলন শুরু করেন এবং তখনকার মেয়র মনজুর আলমের বাসভবন ঘেরাও এবং মহাসড়ক অবরোধের মত কর্মসূচি পালন করেন।
পরে তারা আদালতের রায়ের ওপর স্থগিতাদেশ চাইলে উচ্চ আদালত ছয় মাসের স্থগিতাদেশ দেয়।
স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছর ২৩ মার্চ আবারও অভিযানে নামে পুলিশ।
এরপর ১৯ এপ্রিল নগরীতে ব্যাটারিচালিত রিকশা চালক-মালিকদের এক সমাবেশে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন আ জ ম নাছির উদ্দিন মেয়র হলে চট্টগ্রামে আবার ব্যাটারি রিকশা চলবে।
সিটি নির্বাচনের আগে ২৫ এপ্রিল থেকেই নগরীতে অবাধে ব্যাটারিচালিত রিকশা চলতে শুরু করে।
