২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা বন্ধের রায়

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা চলাচল বন্ধের রায় দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 04:45 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

এই দুই সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা চলাচলের অনুমতি চেয়ে পাঁচটি রিট আবেদন হয়েছিল হাই কোর্টে।

বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ বৃহস্পতিবার সবগুলো আবেদন খারিজের রায় দেয়।

এর ফলে এই দুই মহানগরে প্যাডেলচালিত সাধারণ রিকশার বাইরে ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা চলাচলের সুযোগ থাকল না বলে আইনজীবীরা জানিয়েছেন।

তবে ইঞ্জিনচালিত হিসাবে বিআরটিএ এ ধরনের বাহনকে চলাচলের অনুমতি দিতে পারবে কি না- তার জবাব দিতে পারেননি আইনজীবীরা।

ঢাকা সিটি কর্পোরেশনে পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার তৌফিক ইনাম ও অ্যাডভোকেট নাজমুল হক এবং চট্টগ্রাম সিটির পক্ষে ছিলেন ব্যারিস্টার মহিউদ্দিন শামিম।

রুহুল কুদ্দুস কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহানগরীতে রিকশা চলাচলের অনুমতি দিয়ে থাকে সিটি কর্পোরেশন। সেটা সাধারণ প্যাডেলচালিত রিকশা।

“কিন্তু বেশ কিছুদিন যাবত কিছু ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা ঢাকা ও চট্টগ্রামে চলতে শুরু করে। এদের অনেকে সিটি কর্পোরেশনে চলাচলে অনুমতির আবেদনও করে। অনুমতি না থাকায় এদের বিরুদ্ধে মাঝে মাঝে উচ্ছেদ অভিযানও চলতে থাকে।”

এর মধ্যেই গত জানুয়ারিতে ব্যাটারি ও ইঞ্জিনচালিত রিকশা মালিকদের সংগঠন হাই কোর্টে রিট আবেদন করে। এতে অভিযোগ করা হয়, তাদের অনুমতির আবেদন সিটি কর্পোরেশনগুলো নিষ্পত্তিই করে না।

রুহুল কুদ্দুস বলেন, “রুল জারির পর তাদের আবেদনগুলো নিষ্পত্তি করে দুই সিটি কর্পোরেশন হাই কোর্টকে জানায় বিদ্যমান আইনে এ ধরনের রিকশা চলাচলের অনুমতি দেয়া তাদের পক্ষে সম্ভব নয়।

“যেহেতু রিট দুই শহরকে নিয়ে হয়েছে তাই সেগুলো নিয়েই আদেশ হয়েছে বলে ধরা হচ্ছে। বিস্তারিত রায়ে সব শহরকেও যুক্ত করতে পারে আদালত।”