ধর্মঘটের হুমকি চট্টগ্রামের ব্যাটারিচালিত রিকশা চালকদের
ঘণ্টার মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে রাজপথে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দিয়েছে চালক-মালিকরা।
বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম অটো রিকশাচালক-মালিক লীগ আয়োজিত সমাবেশে এই হুমকি দেন সংগঠনের নেতারা।
সকাল ১০টার দিকে শুরু হওয়া সমাবেশ চলে দুপুর ১টা পর্যন্ত। এসময় চট্টগ্রাম প্রেসক্লাব সংলগ্ন সড়কে ব্যাটারিচালিত রিকশার চালকরা অবস্থান নিলে উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
চালক-মালিকদের সড়কে অবস্থানের কারণে এ সময় যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেখা গেছে।
চট্টগ্রাম ব্যাটারিচালিত অটো রিকশাচালক-মালিক লীগের সভাপতি স্বপন বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে না দিলে সর্বস্তরের জনতাসহ চালক-মালিকরা রাজপথে অবস্থান ধর্মঘট করতে বাধ্য হবে।
আগামী ৯ এপ্রিল মহানগরের প্রত্যেক ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করারও ঘোষণা দেন তিনি। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির নেতা মো. সোহাগ, মো. ইসমাঈল, মো. সানাউল্লাহ ও মো. সেলিম।
