ঢাবি শিক্ষকের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ স্ত্রীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌতুক দাবি করে তালাকের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন তার স্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের শিক্ষক আবু নাসের মুহম্মদ সাইফের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন তার স্ত্রী সুবর্ণা আক্তার।
এ বিষয়ে গত ৬ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রো-উপাচার্য (শিক্ষা), সিন্ডিকেটের সদস্যবৃন্দ, বিভাগের চেয়ারম্যান এবং প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্যের (প্রশাসন) নিকট ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পর তা তদন্তের জন্য কমিটিতে পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেছেন, সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হওয়ার পর গত বছর অগাস্টে বিভাগের শিক্ষক সাইফের সঙ্গে তার পরিচয় হয়। এরপর গত ৫ মার্চ তারা বিয়ে করেন।
মুহম্মদ সাইফ গত ১৫ মার্চ সুবর্ণার বাবা ছিদ্দিক হোসাইন ও তার বোনের স্বামী আবদুল্লাহ আল মামুনকে ঢাকা আসার অনুরোধ জানান। ঢাকায় এসে এক রেস্তোরাঁয় সাইফের সঙ্গে তারা দেখা করেন।
“সাক্ষাতে বাবার নিকট ধানমন্ডিতে একটি ফ্ল্যাট কেনার জন্য ৮০ লাখ টাকা যৌতুক দাবি করেন সাইফ। কিন্তু বাবা ও বোন জামাই যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে তিনি রেগে রেস্টুরেন্ট ত্যাগ করেন।”
যৌতুকের টাকা না দিলে সাইফ তাকে তালাক দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করেছেন সুবর্ণা।
এ বিষয়ে বক্তব্য জানতে ওই শিক্ষকের মোবাইলে কয়েকবার কল করে সেটি বন্ধ পাওয়া গেছে।
