শিক্ষকদের আন্তরিকতার অভাব শিক্ষার উন্নয়নে বাধা: মন্ত্রী
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের নানামুখী উদ্যোগের পরও অনেক ক্ষেত্রে শিক্ষকদের ‘দরদ ও আন্তরিকতার’ অভাবে কাঙ্ক্ষিত ফল আসছে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
অধিকাংশ শিক্ষক পাঠদানে মনোযোগী হওয়ার পরিবর্তে বেতন-ভাতা ও শিক্ষক রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকেন বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি’ নিয়ে দিনব্যাপী কর্মশালা ও মুক্ত আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী আরও বলেন, “পৃথিবীর অনেক ধনী দেশেও শিশু ও শিক্ষার্থীদের প্রণোদনা দেওয়া হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপবৃত্তি দেওয়া অত্যন্ত যুক্তিযুক্ত এবং তা আরও কয়েক যুগ ধরে অব্যাহত রাখা প্রয়োজন। ”
কর্মশালায় ‘প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ড: অ্যাচিভমেন্ট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শিরোনামের গবেষণা প্রতিবেদন তুলে ধরেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
প্রাথমিকের উপবৃত্তি হিসাবে বর্তমানে চালু থাকা জনপ্রতি একশ টাকা থেকে বাড়িয়ে আড়াইশ টাকা করার প্রস্তাব দেন তিনি।
তার এই প্রস্তাব যুক্তিযুক্ত বলে মেনে নিলেও প্রাথমিকে শতভাগ শিক্ষার লক্ষ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি যৌথ প্রচেষ্টা, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সচেতনতার উপর গুরুত্ব দেন মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, “প্রাথমিকে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে উপবৃত্তি দেওয়াসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্র তার দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে শিক্ষকদের দরদ ও আগ্রহের অভাবের কারণে শিক্ষার মান বাড়ছে না। সম্মিলিত উদ্যোগ না আসলে এই লক্ষ্য পূরণ করা সম্ভব নয়।
“প্রাথমিকের শিক্ষকরা নিজেদের মান ও বেতন-ভাতা নিয়ে যতটা সোচ্চার, ক্লাসে তাদের ততোটা আন্তরিকতা দেখা যায় না। মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে এমন অভিজ্ঞতা পাওয়া গেছে।”
গবেষণার তথ্য তুলে ধরে হোসেন জিল্লুর বলেন, “উপবৃত্তি চালু করার ফলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি ২০ শতাংশ বেড়েছে। শিশুরা স্কুলগামী হওয়ার পাশাপাশি অভিভাবকরা সন্তানদের শিক্ষার বিষয়ে অধিক মনোনিবেশ করেছে।
“টাকা পেয়ে শিশুরা কিছু ব্যয়বহুল শিক্ষা সামগ্রী কিনতে শুরু করেছে। উপবৃত্তি দেওয়া বন্ধ হলে ১৮ শতাংশ হারে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে।”
উপবৃত্তির টাকা বাড়ানোর সুপারিশের যৌক্তিকতা তুলে ধরে হোসেন জিল্লুর বলেন, “বর্তমানে যে পরিমাণ টাকা উপবৃত্তি হিসেবে দেওয়া হচ্ছে তা বাড়ানো প্রয়োজন। কারণ ২০০৩ সাল থেকে ২০১৩ সালের মধ্যে টাকার মূল্যমান প্রায় ৫০ শতাংশ কমেছে। অন্যদিকে ২০০৫ থেকে ২০১৩ সালের মধ্যে শিক্ষা ব্যয় ৪৫ শতাংশ বেড়েছে।
“এসব কারণে উপবৃত্তির পরিমাণ একশ’টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা করা প্রয়োজন। এক্ষেত্রে গ্রেড ৪ (চতুর্থ শ্রেণি) ও গ্রেড ৫ (পঞ্চম শ্রেণি) এর অগ্রাধিকার পাওয়া উচিত। এছাড়া প্রাথমিকের সব শিক্ষার্থীকে উপবৃত্তির অন্তর্ভুক্ত করা গেলে তা শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
দারিদ্র্যপীড়িত শিশুদের স্কুল যাওয়া নিশ্চিত করতে ১৯৯৩ সালে শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি এবং ১৯৯৯ সালে উপবৃত্তি প্রকল্প চালু করে সরকার। ২০০২ সালে প্রকল্প দুটি একীভূত করে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প চালু করা হয়, যা ২০০৮ সাল পর্যন্ত চলে। ওই বছরই প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তির দ্বিতীয় পর্যায় চালু করা হয়, যা চলতি বছরে শেষ হবে।
উপবৃত্তি প্রকল্প দেশে শিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছে, যার জন্য আন্তর্জাতিক মহলেও প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ।
প্রকল্পটির মেয়াদের শেষ পর্যায়ে এসে নতুন করে নীতি নির্ধারণের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, থানা শিক্ষা কর্মকর্তা ও সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নিয়ে মতামত তুলে ধরেন।
