২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকার আশুলিয়ায় প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 09:02 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার বিকালে আশুলিয়া বাজার সংলগ্ন ‘হরাইজন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানায় এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে প্লাস্টিক সামগ্রী তৈরির ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা টিনসেডের পুরো কারখানাটিতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওসি জানান।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিইপিজেড, সাভার, গাজীপুর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।