২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাশুড়ির সঙ্গে ঝগড়া, সন্তানকে নিয়ে মায়ের আত্মহত্যা

দিনাজপুরে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে সাত বছরের মেয়েকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 01:27 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

দিনাজপুর শহরের হঠাৎপাড়ার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে গৃহবধূ কোহিনূর (২৭) ও তার মেয়ে তিসার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

কোহিনুরের স্বামী হারুন-অর-রশিদ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। তিনি পঞ্চগড়ে কর্মরত বলে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক রাজিব অহম্মেদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হানপাতালে নেওয়ার আগেই দুজনের মৃত্যু হয়।

কোহিনূরের বড় মেয়ে স্কুলছাত্রী রিফা সাংবাদিকদের জানান, প্রায়ই তার মায়ের সঙ্গে তার দাদীর ঝগড়া হত। বুধবার রাতেও ঝগড়া হলে কোহিনূর আত্মহত্যার হুমকি দিয়েছিলেন।

“মা সকালে আমাকে জোর করে কোচিংয়ে পাঠান। সকাল ১০টায় কোচিং থেকে ফিরে দেখি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে লোকজন এসে দরজা ভেঙে দুজনকে ভেতরে পড়ে থাকতে দেখে।”

ঘরে একটি চিরকুট পাওয়া যায়, যাতে লেখা হয়েছে- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

কোহিনূর মৃত্যুর পর বাবার কবরের পাশে তাকে দাফন করার কথাও লিখে গেছেন বলে উপ-পরিদর্শক রাজিব আহম্মেদ জানান।

কোহিনূরের বাবার বাড়ি জেলার বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে।

পুরনো খবর:

সেতু থেকে ছেলেকে নিয়ে মায়ের লাফ