সাগরে মাছ ধরা ট্রলারে ৫ লাখ ইয়াবা, আটক ৭
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর এলাকায় সাগরে একটি মাছ ধরার ট্রলার থেকে পাঁচ লাখ ইয়াবাসহ সাতজনকে আটক করেছে র্যাব
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন জানান, বুধবার রাতে ‘এমটি হেনা’ নামের ওই মাছ ধরা ট্রলারটি আটক করা হয়।
আটক সাতজন হলেন- মো. হান্নান (৪০), মো. লোকমান (৩৩), মো. রাসেল (৩০), মো. ইলিয়াছ (১৮), মো. ওলিউল্লাহ (২১), মো. রিয়াজ (১৯), মো. ওসমান (২০)। তারা সবাই ট্রলারের মাঝিমাল্লা।
মিফতা বলেন, ট্রলারে করে ‘বিপুল পরিমাণ’ ইয়াবা পাচারের খবর পেয়ে বন্দরের বহিনোঙ্গর এলাকায় ট্রলারটি আটকান হয়।
“পরে ট্রলারে তল্লাশি চালিয়ে পানির ড্রামের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা পাঁচ লাখ ইয়াবা পাওয়া যায়।”
পাশের দেশ মিয়ানমার থেকে ইয়াবাগুলো আনা হয়েছে জানিয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, “সেন্ট মার্টিনের অদূরে সীতার মাথা নামের এলাকায় মিয়ানমারের পাচারকারীরা এসব ইয়াবা ট্রলারে তুলে দেয়। চট্টগ্রামে এনে অন্য একটি ট্রলারে তা তুলে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।”
আটকদের জিজ্ঞাসাবাদ করে এ চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মিফতা।
বুধবার রাতে আটক ইয়াবার এই চালান সাম্প্রতিক সময়ে র্যাবের হাতে আটক সবচেয়ে বড় চালান। এর আগে ২০১২ সালের ১৮ মে খাতুনগঞ্জ এলাকা থেকে বড়ইয়ের ভেতর করে আনা দুই লাখ ৭৫ হাজার ইয়াবা উদ্ধার করে র্যাব-১ ও র্যাব-৭ এর যৌথ দল।
এছাড়া গত ৪ ফেব্রুয়ারি গভীর রাতে বহির্নোঙ্গরের ১ নম্বর বয়া এলাকা থেকে ‘এফবি রাজিব’ নামের একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবা উদ্ধার করেছিল নৌ বাহিনী।
