যাত্রীসহ ট্রলারটি টেকনাফ আনা হয়েছে
সাগরপথে অবৈধভাবে মালয়েশিগামী ১১৬ যাত্রীসহ বঙ্গোপসাগরে আটক ট্রলারটি সেন্টমার্টিন থেকে টেকনাফ আনা হয়েছে।
বুধবার ভোরে থাই নাগরিকের মালিকানার এই ট্রলার টেকনাফ কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর একটি দল। এরপর উদ্ধার যাত্রীদের টেকনাফ পুলিশে হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার কাজী ফরিদুজ্জামান উদ্ধার হওয়া যাত্রীদের বরাত দিয়ে জানান, উদ্ধার হওয়া লোকজনকে বাংলাদেশি বিভিন্ন ফিশিং ট্রলারে করে পাচারকারীরা মিয়ানমারের জলসীমায় একটি জাহাজে জড়ো করেছিল।
এরপর একেকজনকে একেক সময়ে ওই জাহাজে তোলা হয়। অন্তত এক মাসেরও বেশি সময় ধরে এসব লোকজনকে নিয়ে জাহাজটি সাগরে ভাসছিল।
কিন্তু সম্প্রতি থাইল্যান্ডের গহীণ জঙ্গলে গণকবর আবিষ্কারের পর মালয়েশিয়া ও থাইল্যান্ডের সীমান্তে কড়াকড়ি আরোপ করা হলে জাহাজটি থাই সীমান্তের কাছকাছি গিয়ে ফেরত আসে।
অবস্থা বেগতিক দেখে পাচারকারীরা ছোট ছোট ট্রলার ও নৌকাযোগে জাহাজটির লোকজনকে এনে বঙ্গোপসাগরের জলসীমায় ছেড়ে দেওয়া শুরু করে।
মঙ্গলবার ১১৬ জন যাত্রীসহ উদ্ধার হওয়া ট্রলারটিও এ ছোট ট্রলারগুলোর একটি।
তিনি বলেন, জ্বালানি ফুরিয়ে গেলে সাগরে ভাসতে থাকা ১১৬ যাত্রী নিয়ে এ ট্রলারটি স্থানীয় জেলেরা দেখতে যায়। পরে তারাই কোস্টগার্ডকে খবর দিলে নৌ-বাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালায়।
তিনি জানান, ক্রু-বিহীন উদ্ধার হওয়া থাইল্যান্ডের ট্রলারটির যাত্রীরা সবাই বাংলাদেশি নাগরিক।
এদের মধ্যে রয়েছেন কক্সবাজার, সিরাজগঞ্জ, নরসিংদী, ব্রাম্মণবাড়ীয়া, নারায়নগঞ্জ, বগুড়া, পিরোজপুর, সুনামগঞ্জ, ফরিদপুর, সিলেট, শরীয়তপুর, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
পরে পরিচয় লিপিবদ্ধ করে বুধবার বিকাল ৩টার দিকে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
কাজী ফরিদুজ্জামান আরও জানান, ট্রলারটি সেন্টমার্টিন থেকে টেকনাফ আনার পথে নাফ নদীর শাহপরীরর দ্বীপ এলাকায় পৌঁছলে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়। পরে নৌ-বাহিনীর একটি জাহাজ ট্রলারটি টেনে বুধবার ভোরে টেকনাফ পৌঁছে।
টেকনাফ থানার ওসি আতাউর রহমান খন্দকার জানান, উদ্ধার হওয়া লোকজন থানা হেফাজতে রয়েছেন। অবৈধভাবে পাচারের শিকার এসব লোকজনকে কক্সবাজার আদালতে পাঠানো হবে।
বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলের ৫ কিলোমিটার উত্তরে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ১১৬ জন মালয়েশিয়াগামী যাত্রীসহ থাইল্যান্ডের এই ট্রলারটি আটক করা হয়।
