মেঘনা থেকে যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের তিন দিন পর মেঘনা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোনারগাঁও থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, বুধবার সকালে উপজেলা পিরোজপুর ইউনিয়নের মেঘনা বালু ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত গোলজার হোসেন (৩৫) সোনারগাঁও পৌরসভার সাহাপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
গোলজারের মা সাহেরা বেগম বলেন, গোলজারের সঙ্গে একই এলাকার আরজানের ছেলে মোহাম্মদ আলীর ব্যবসায়িক লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল। পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে রোববার রাতে মোহাম্মদ আলী ও তার লোকজন বাড়ি থেকে গোলজারকে ডেকে নিয়ে যায়। পরে সকালে গোলজারের মোবাইলে ফোন দিলে মোহাম্মদ আলী ধরে জানায় গোলজার নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।
তিনি অভিযোগ করেন, “আমার ছেলেকে তারা পিটিয়ে হাত পা বেঁধে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।”
ওসি কামরুল বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। টাকা পয়সা নিয়ে বিরোধ ও নৌযানে চাঁদাবাজির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে হয়তো এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী মাফিয়া আক্তার বাদী হয়ে মোহাম্মদ আলীসহ সাত জনকে আসামি করে সোমবার রাতেই একটি মামলা দায়ের করেছেন।
