কুষ্টিয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া সদর উপজলায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও পাঁচজন।
পুলিশ বলছে, বুধবার সকালে উজানগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুদ্দিন বিশ্বাস ও স্থানীয় সুলতান কটা নামের এক ব্যক্তির সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
নিহত আমিরুল ইসলাম (৪৫) ওই গ্রামের বাদল মণ্ডলের ছেলে। তিনি ময়নুদ্দিনের সমর্থক ছিলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার আধিপত্য এবং ইউনিয়নের প্রার্থী হওয়া নিয়ে ময়নুদ্দিনের সঙ্গে গত নির্বাচনে পরাজিত সুলতানের বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এর জের ধরে সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বারুইপাড়া গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
“সুলতানের লোকজনের অস্ত্রের আঘাতে আমিরুল গুরতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
সংঘর্ষে আহত পাঁচজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
তিনি বলেন, সংঘর্ষের সময় ওই গ্রামে বেশ কয়েকটি ঘরবাড়ি ভাংচুরের শিকার হয়। পরে বাড়তি পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
