টঙ্গীতে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন।
মঙ্গলবার বিকাল ও রাতে এই অভিযান চালানো হয় বলে টঙ্গী থানার ডিউটি অফিসার ফয়েজ উল্লাহ জানান।
গ্রেপ্তাররা হলেন- মিজানুর রহমান (২৭), রাসেল (২৪), সুমন (২৭), রোকেয়া বেগম (৪০), রাসেল (২০) ও বাবুল (৩৫)।
তাদের কাছ থেকে বিয়ার, নেশার বড়ি ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
পুলিশ সদস্য ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৮ ক্যান বিয়ারসহ রাসেলকে, রাত ৮টার দিকে কেরানীরটেক আমতলী এলাকা থেকে ১৮টি ইয়াবাসহ সুমনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে কেরানীরটেক বস্তি এলাকা থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ মিজানুরকে এবং বিকেল ৫টার দিকে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকা থেকে ৬০টি ইয়াবাসহ রোকেয়া, রাসেল ও বাবুলকে গ্রেপ্তার করা হয়।
এসব ঘটনায় টঙ্গী থানায় চারটি মামলা হয়েছে বলে জানান ফয়েজ।
