জটিলতা নিয়েই শুরু আটলান্টায় ‘হেলথ সামিট’
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায় সোমবার শুরু হয়েছে গ্লোবাল হেলথ সামিট।
এই সম্মেলনে আয়োজক সংগঠনটির সঙ্গে নোবেলজয়ী মুহাম্মদের ইউনূসের সংশ্লিষ্টতা থাকলেও সম্প্রতি তিনি তা থেকে সরে দাঁড়িয়েছিলেন।
ফলে তাকে ছাড়াই শুরু হয়েছে ‘ইউনূস ক্রিয়েটিভ ল্যাব’ আয়োজিত তিন দিনের এই সম্মেলন। দরিদ্র্য জনগোষ্ঠির জন্য উপযোগী চিকিৎসা সেবা নিয়ে পরিকল্পনা গ্রহণই এই সম্মেলনের লক্ষ্য।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী ভূইয়ার কার্যকলাপে বিরক্তি প্রকাশ করে চেয়ারম্যানের পদ ছাড়াসহ সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা গত মাসে জানিয়েছিলেন ইউনূস।
ইউনূসের নাম দেখেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান এই সম্মেলনে যুক্ত হয় এবং ফি দিয়ে ৩ শতাধিক ব্যক্তি নিজেদের নাম তালিকাভুক্ত করছিলেন।
কিন্তু সম্মেলনে নোবেলজয়ী বাংলাদেশিকে না দেখে নিজেদের হতাশার কথাও জানিয়ে কয়েকজন বলেছেন, বিষয়টি তাদের আগে জানানো হয়নি।
সম্মেলন আয়োজন কমিটির অন্যতম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্মেলনের মূল লক্ষ্য অনেকখানি ব্যাহত হচ্ছে ড. ইউনূস উপস্থিত না থাকায়। এটি আমদের জন্য সত্যি দুঃখজনক একটি অভিজ্ঞতা।”
তবে মোহাম্মদ আলী ভূইয়া উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে ইউনূস না আসার প্রেক্ষাপট উপস্থাপন করেছেন। তিনি এজন্য দায়ী করেছেন আটলান্টা সিটি মেয়রকে।
‘ইউনূস ক্রিয়েটিভ ল্যাব’ এর তহবিল রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন শামিমা আমিন এবং তিনি মোহাম্মদ আলীর স্ত্রী।
এর ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্কটের আশঙ্কায় মোহাম্মদ আলীকে সম্মেলনের আয়োজক কমিটির প্রধান থেকে সরিয়ে অন্য কাউকে নিয়োগের শর্ত দিয়েছিলেন আটলান্টার মেয়র।
কিন্তু তাতে মোহাম্মদ আলী রাজি হননি বলে আয়োজকদের কয়েকজন জানিয়েছেন।
আটলান্টায় আগামী নভেম্বরে পাঁচ দিনব্যাপী শান্তিতে নোবেল বিজয়ীদের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এই জটিলতায় তার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
‘ইউনূস ক্রিয়েটিভ ল্যাব’ এর গুরুত্বপূর্ণ তিন পরিচালকও গত ৮ মে পদত্যাগ করেছেন। তারা হলেন নোবেলজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের নাতি জ্যাসন কার্টার, মানবাধিকার সংগঠক লোরা টার্নার সিডেল এবং পরিবেশকর্মী উইলিস পোটস। তারাও মোহাম্মদ আলী ভূইয়ার আচরণে ক্ষুব্ধ।
আটলান্টায় নোবেল পুরস্কারপ্রাপ্তদের সম্মেলনের উদ্দেশ্যে ইউনূসের আগ্রহেই ২০১৩ সালে মোহাম্মদ আলী ভূইয়ার নেতৃত্বে ‘ইউনূস ক্রিয়েটিভ ল্যাব’ প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংগঠনটিকে ওই সম্মেলনের আয়োজক নির্বাচনও করা হয়।
কিন্তু সমস্যার শুরু হয় এ বছরের শুরুতে। মোহাম্মদ আলীর সঙ্গে রেষারেষিতে আটলান্টা সিটি মেয়র কাসিম রিড সম্মেলনের আয়োজনের কাজ থেকে পিছু হটেন।
