২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘের মাথা ও হাড়সহ উদ্ধার, ‘চোরা শিকারি’ আটক

রয়েল বেঙ্গল টাইগারের মাথার খুলিসহ দেড়শতাধিক হাড়গোড় ও বেশকিছু হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 07:15 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

এ সময় বনবিভাগের ‘তালিকাভুক্ত এক চোরা শিকারিকে’ আটকও করা হয়।  

মঙ্গলবার সকালে বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সোনাতলা গ্রামে এ অভিযান চালানো হয়।

আটক সগীর ঘরামি (৩৮) ওই গ্রামের ইউসুফ ঘরামির ছেলে এবং বনবিভাগের ‘তালিকাভুক্ত চোরা শিকারি’ বলে বনকর্মকর্তারা জানান।

সুন্দরবন পূর্ববিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহমেদ জানান, সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে ‘তালিকাভুক্ত চোরা শিকারি’ সগীর ঘরামিকে আটক করা হয়।

পরে সগীরের দেওয়া তথ্য অনুযায়ী তার ঘরে ও পুকুরে লুকিয়ে রাখা বাঘের মাথার খুলি, চোয়াল ও মেরুদণ্ডের ১৫৭টি হাড়গোড় এবং ১৫ কেজি হরিণ শিকারে ব্যবহৃত নাইলনের দড়ির ফাঁদ উদ্ধার করা হয়।

চোরা শিকারি চক্রটি ছয় সাত মাস আগে বাঘটিকে হত্যা করে চামড়া বিক্রি করে দেহাবশেষ বাড়িতে লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সগীরের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অন্তত তিনটি মামলা রয়েছে বলে জানান কামাল উদ্দিন আহমেদ।

এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এই বন কর্মকর্তা।