জাবি শিক্ষকের লাঞ্ছনাকারীকে স্থায়ী বরখাস্তের দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে লাঞ্ছনাকারী পুলিশ কর্মকর্তার স্থায়ী বরখাস্তের দাবিতে অবস্থান কর্মসূচি ও সংহতি সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১২টায় বিভাগের আয়োজনে নতুন কলা ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। দাবি পূরণ না হলে পরবর্তীতে সড়ক অবরোধসহ আরো কঠোর কর্মসূচি পালনেরও ঘোষণা দেন তারা।
অবস্থান কর্মসূচি ও সংহতি সমাবেশের মাঝে মাঝে শিক্ষার্থীরা প্রতিবাদী সংগীতও পরিবেশন করেন।
সমাবেশে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবু দায়েন বলেন, “সার্জেন্ট ইমরানের পরিচয় পুলিশ হতে পারে না, সে সন্ত্রাসী। এই হামলা বাংলাদেশের সকল শিক্ষকদের উপর হামলা। আমি দ্রুততম সময়ে তার কঠোর শাস্তির দাবি করছি।”
কর্মসূচিতে শিক্ষকদের মধ্যে সংহতি প্রকাশ করেন- জাবি শিক্ষক সমিতির সদস্য এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম, বাংলা বিভাগের সভাপতি অনিরুদ্ধ কাহালি, সহযোগী অধ্যাপক হিমেল বরকত, রেজাউল করিক তালুকদার (তারেক রেজা), প্রভাষক মামুন-অর-রশিদ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ, উজ্জ্বল কুমার মণ্ডল, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মোজাম্মেল হোসেন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম রাব্বানী, সহকারী অধ্যাপক পারভীন জলি, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন, সহকারী অধ্যাপক মইনুল আলম নিজারসহ অনেকেই।
এছাড়া বিভিন্ন সংগঠনের মধ্যে জাবি সাংবাদিক সমিতি, জাবি প্রেস ক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অরগানাইজেশন, দীক্ষা সমাবেশে সংহতি প্রকাশ করে।
