ঘেরাওয়ে লাঠিপেটা: কী ব্যবস্থা, জানতে চেয়েছে হাই কোর্ট
বর্ষবরণ উৎসবে যৌন হয়রানিতে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ছাত্র ইউনিয়নের ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে সংগঠনটির কর্মীদের লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আদালতকে জানাতে হবে আইজিপিকে।
একটি রিট আবেদনের শুনানি শেষে পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হককে মঙ্গলবার এই নির্দেশ দেয় হাই কোর্ট। আগামী ১৪ জুন এই প্রতিবেদন দিতে হবে তাকে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এই নির্দেশের পাশাপাশি একটি রুলও দিয়েছে।
“লাঞ্ছিত করার ওই ঘটনা কেন অবৈধ হবে না এবং জড়িতের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে, ”বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ওই আদালতে রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্বকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
ওই ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটির কার্যক্রম ও কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রতিবেদন আকারে ১৪ জুনের মধ্যে আদালতে জমা দিতে আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, শাহবাগ ও রমনা থানার ওসিসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।
আদালতে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। আবেদনের শুনানিও তিনিই করেন।
রোববার ছাত্র ইউনিয়নের ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে লাঠিপেটাসহ সার্বিক ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি করেছে পুলিশ। ডিএমডি গঠিত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ওই ঘটনায় মো. আনিস নামে পুলিশের এক নায়েককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেদিন ছাত্র ইউনিয়নের এক নারীকর্মীর চুল ধরে তার টানার ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে।
সেদিন তোলা বিভিন্ন ছবি এবং ধারণ করা ভিডিওতে পুলিশ সদস্যদের লাঠিপেটা ও জলকামান ব্যবহারের পাশাপাশি বিক্ষোভকারীদের বুট দিয়ে আঘাত করতেও দেখা যায়।
এদিকে হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে মঙ্গলবার দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র ধর্মঘটের ডাক দেয় ছাত্র ইউনিয়ন।
