২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিরূপ’ খবরের প্রেক্ষাপট যাচাইয়ে পুলিশ

বর্ষবরণ অনুষ্ঠানে যৌন হয়রানির প্রতিবাদীদের লাঠিপেটা নিয়ে সমালোচনার মধ্যে পুলিশ যে তদন্ত কমিটি গঠন করেছে, তা গণমাধ্যমে প্রকাশিত ‘বিরূপ’ প্রতিবেদনের প্রেক্ষাপটও যাচাই করবে।

লিটন হায়দার

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 12:32 AM

Updated : 12 Oct 2022, 03:40 PM

পুরনো খবর:

যৌন নিপীড়কদের শাস্তির দাবিতে বিক্ষোভে পুলিশের লাঠিপেটা
মঙ্গলবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক
ছাত্র ইউনিয়নের বিক্ষোভে লাঠিপেটা: এক পুলিশ বরখাস্ত

রোববারের ওই ঘটনা নিয়ে রাজপথে প্রতিবাদের পাশাপাশি সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটে তুমুল সমালোচনার মধ্যে সোমবার এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের পাশাপাশি তদন্ত কমিটি গঠনের কথা জানায় পুলিশ।

ডিএমপির পক্ষ থেকে একটি এবং পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠনের তথ্য জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি আসে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজিকে (অপারেশন) আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ডিএমপির উপ-কমিশনার (সদরদপ্তর) ও পুলিশ সদর দপ্তরের এআইজি (ক্রাইম-মেট্রো)।

অন্যদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তাতে প্রধান করা হয়েছে যুগ্ম কমিশনার বেলালুর রহমানকে।

উপ কমিশনার (ডিবি-দক্ষিণ) কৃষ্ণপদ রায় এবং অতিরিক্ত উপ কমিশনার আসমা সিদ্দিকা মিলিকে নিয়ে গঠিত এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ডিএমপি কমিশনার এম আছাদুজ্জামান মিয়ার নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বর্ষবরণের উৎসবে যৌন হয়রানির পর মাস গড়ালেও জড়িতরা চিহ্নিত কিংবা গ্রেপ্তার না হওয়ায় রোববার ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে গিয়েছিল ছাত্র ইউনিয়ন।

বামপন্থি এই সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী পহেলা বৈশাখে টিএসসি এলাকায় নারীদের যৌন হয়রানি ঠেকাতে গিয়ে আহত হয়েছিলেন।

ওই সময় সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা দায়িত্বহীন আচরণ করেছেন বলেও অভিযোগ এই সংগঠনটির। দুজনকে আটক করে পুলিশে দেওয়া হলেও কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের ছেড়ে দেন বলে ছাত্র ইউনিয়ন নেতাদের দাবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে হাই কোর্ট হয়ে মৎস্য ভবন দিয়ে কাকরাইল হয়ে ডিএমপি কমিশনারের কার্যালয়ের দিকে এগুচ্ছিলেন ছাত্র ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী।

ডিএমপি কমিশনারের কার্যালয়ের কাছে অফিসার্স ক্লাবের সামনে মিছিল আটকে দেয় পুলিশ। সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ লাঠি ও জলকামান নিয়ে চড়াও হয় মিছিলকারীদের ওপর।

মিছিলকারীদের পুলিশের লাঠিপেটা, বুট দিয়ে আঘাত, এক নারী কর্মীকে ধাওয়া করে ফেলে দেওয়া এবং চুল টানার ছবি বিভিন্ন গণমাধ্যমে এসেছে; যাকে বিরূপ সংবাদ বলা হয়েছে পুলিশের বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, “ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের কর্তৃক ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর ঘেরাওয়ের কর্মসূচিতে বাধা প্রদান সংক্রান্তে পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপকে নিয়ে বিরূপ সংবাদ পরিবেশিত হয়।”

তদন্ত কমিটির কাজের ক্ষেত্রগুলো তুলে ধরে এতে বলা হয়, “পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপ, যা নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিরূপ সংবাদ পরিবেশিত হয়েছে, তার প্রেক্ষাপট যাচাইয়ের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হল।”

ছাত্র ইউনিয়নের মিছিলটি কিভাবে মন্ত্রিপাড়ার মতো স্পর্শকাতর এলাকায় ঢুকতে পারল, তা পর্যালোচনাও করবে এই কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এতগুলো ব্যারিকেড পার হয়ে মিন্টো রোডস্থ স্পর্শকাতর মন্ত্রিপাড়ায় এসে রাস্তায় যানচলাচল বন্ধকরণের পাশাপাশি কর্তব্যরত পুলিশ সদস্যগণ ও পুলিশ যানবাহনের উপর হামলার প্রয়াস পেল, সে বিষয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়-দায়িত্ব নিরূপণ করবে এই কমিটি।”

ডিএমপি কমিশনারের কার্যালয় মিন্টো রোডে মন্ত্রিপাড়ার সঙ্গেই। সাধারণত ক্যাম্পাস থেকে বের হওয়া মিছিল শাহবাগ কিংবা হাই কোর্টেই আটকে দেয় পুলিশ। ক্যাম্পাসের কাছের সচিবালয়মুখী মিছিলও তার আগে দোয়েল চত্বর কিংবা হাই কোর্ট আটকানো হয়।  

মিছিল আটকাতে ওই সব স্থানে পুলিশের লাঠি চালানো কিংবা কাঁদুনে গ্যাস ছোড়ার বহু নজির রয়েছে। কিন্তু ছাত্র ইউনিয়নের মিছিলটিতে পুলিশের আক্রমণ হয়েছিল মিন্টো রোডের কাছেই।

পুলিশ কর্মকর্তাদের দাবি, তারা ছাত্র ইউনিয়ন নেতা-কর্মীদের মিছিল না করে একটি প্রতিনিধি দল ডিএমপিতে পাঠাতে বলেছিলেন। কিন্তু তাতে কান দেয়নি মিছিলকারীরা।  

ডিএমপির রমনা জোনের উপকমিশনার আব্দুল বাতেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “শিক্ষার্থীরা অবরোধ করে যানজট সৃষ্টি করেছিল। পুলিশ তাদের সরে যেতে বলে এবং দাবি-দাওয়া থাকলে তাদের কয়েকজন প্রতিনিধি পাঠাতে অনুরোধ করে। কিন্তু তারা না সরায় পুলিশ টিয়ার শেল ও ওয়াটার ক্যানন ব্যবহার করে তাদের সরিয়ে দেয়।”

ছাত্র ইউনিয়ন সভাপতি হাসান তারেকের অভিযোগ, বিনা উসকানিতে তাদের ওপর চড়াও হয়েছিল পুলিশ। তবে মিছিলকারীদের বিরুদ্ধে ইট ছোড়ার অভিযোগ রমনা থানার ওসি মসিউর রহমানের।   

গঠিত তদন্ত কমিটি এই ঘটনায় পুলিশি কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ডিএমপির রমনা বিভাগ কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল, তাও মূল্যায়ন করবে।

পুলিশের উপর হামলার কারণে আন্দোলনকারীদের বিরুদ্ধে গৃহীত আইনানুগ ব্যবস্থাও খতিয়ে দেখবে এই তদন্ত কমিটি।

পুরো সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার দায় কার্যত ছাত্র ইউনিয়নের ওপরই দেওয়া হয়েছে এবং পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপকে ‘আইনানুগ ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আনিস মিয়া নামে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের বিষয়টি উল্লেখ করা হলেও বিক্ষোভকারীদের উপর পুলিশের হামলার বিষয়ে কিছু বলা নেই ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

এদিকে পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে ছাত্র ধর্মঘট ডেকেছে ছাত্র ইউনিয়ন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মশাল মিছিল থেকে দায়ী পুলিশ সদস্যদের শাস্তিও দাবি করা হয়েছে।