২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে গৃহবধূ নির্যাতন: সেনাসদস্য স্বামী গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের মামলার প্রধান আসামি স্বামী সেনাসদস্য শফিকুল শেখকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

নড়াইল ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 09:53 PM

Updated : 26 Jul 2022, 11:59 AM

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সেনানিবাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শাহপরাণ থানার ওসি শাখাওয়াত হোসেন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লোহাগড়া থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সিলেট সেনানিবাস এলাকা থেকে শফিকুলকে গ্রেপ্তার করে। পুলিশ রাতেই তাকে নিয়ে নড়াইলের উদ্দেশে যাত্রা করেছে। 

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চুরির অভিযোগ তুলে নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের ওই গৃহবধূকে গত ৩০ এপ্রিল গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটান তার স্বামী সেনা সদস্য শফিকুল শেখ, ভাসুর হাসান শেখ, শ্বশুর ছালাম শেখ, শাশুড়ি জিরিন আক্তার, চাচাশ্বশুর কালাম শেখ, প্রতিবেশী নান্নু শেখ ও কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আরজু।

নির্যাতনের এক পর্যায়ে ওই নারী সংজ্ঞা হারান। ওই অবস্থায় তাকে বাজারে নিয়ে একটি দোকানে আটকে রাখা হয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় নির্যাতিতার মা গত ৫ মে লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এ ঘটনায় রিট আবেদনের পর দোষীদের ধরতে রোববারই পুলিশকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে হাই কোর্ট।   

ইতোমধ্যেই শফিকুলের চাচা হিরু মিয়াসহ (৩৮) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুরনো খবর:

গাছে বেঁধে নির্যাতন: দোষীদের গ্রেপ্তারের নির্দেশ