২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘দলীয় ব্যবসায়ীদের সুযোগ দিতে চাল আমদানি’

দলীয় ব্যবসায়ীদের সুযোগ করে দিতে সরকার শুল্কমুক্ত চাল আমদানি করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 08:28 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

দলটি বলছে, এর ফলে দেশীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সোমবার বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন।

তিনি বলেন, “সরকার একদিকে বলছে, দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। অন্যদিকে তারা প্রতিবছর চাল আমদানি করছে। ডিউটি ফ্রির সুযোগ নিয়ে ক্ষমতাসীন দলের সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা কম দামে পুরনো চাল কিনে বাজারজাত করে কৃষকদের উৎপাদিত ধান-চালের বাজারকে নিম্নমুখী করছে।”

দলীয় ব্যবসায়ীদের ‘অনৈতিক সুবিধা’ দেওয়া বন্ধ করে চালের ন্যায্য মূল্য নিশ্চিত করারও দাবি জানান রিপন।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।

ড. আসাদুজ্জামান আসাদ রিপন বলেন, “খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন নিয়ে বিভিন্ন সময়ে সরকার গোয়েবলসীয় কায়দায় অনরবত অসৎ কথা বলে যাচ্ছে।  শুধু চলতি অর্থ বছরে গত জুলাই থেকে ৬ মে পযর্ন্ত তারা (সরকার) ১৩ লাখ মেট্রিক টন চাল বিদেশ থেকে আমদানি করেছে। বেসরকারি খাতে যা আগের বছরের তুলনায় প্রায় ৪ গুণ।”

খাদ্যমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্য উদ্ধৃত করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বলেন, “মন্ত্রী বলেছেন প্রতি দুই বছর অন্তর ভারতীয় কর্তৃপক্ষ খাদ্য গুদাম পরিস্কার করার জন্য পুরনো চাল কম দামে বেচে দিয়ে থাকে। এই বক্তব্য থেকে বোঝা যায় ডিউটি ফ্রির সুযোগ নিয়ে এক ধরনের ব্যবসায়ীরা সেই কম দামের পুরনো চাল কিনে দেশে বাজারজাত করছে। ফলে কৃষক তাদের উৎপাদিত ধান ও চালের দাম পাচ্ছে না।”

ছাত্র ইউনিয়নের মিছিলে হামলা

রিপন বলেন, “নারী লাঞ্ছনার ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে রোববার একটি ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা মিছিলে আইন প্রয়োগকারী সংস্থা যে আক্রমনের ঘটনা ঘটিয়েছে, তাদের প্রতিবাদকারীরাই উল্টো লাঞ্ছনার নিমর্ম শিকার হলেন। বিশেষ করে ছাত্রীদের ওপর পুলিশ সদস্যদের আক্রমণের চিত্র খুবই লজ্জাজনক। আমরা এই ঘটনার নিন্দা জানাই।”

ছাত্র ইউনিয়নের মিছিলে আইন প্রয়োগকারী সংস্থার আক্রমণের সমালোচনা করে তিনি বলেন, “দমন করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা যে ভূমিকা পালন করছে, তাতে করে উল্টো লাঞ্ছনাকারীরাই উৎসাহিত হবে।”

তিনি বলেন, যেদেশের প্রধানমন্ত্রী নারী, সংসদের স্পিকার একজন নারী। বিচার বিভাগ ও প্রশাসনসহ পুলিশের ঊধ্বর্তন পদে নারী কর্মকর্তারা অধিষ্ঠিত থাকা অবস্থায় একজন নারীর ওপর পুলিশের আক্রমণের যেসব আলোকচিত্র ইন্টারনেটে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে বর্হিবিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নেতা কামরুল হুদাদেকে শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইমিগ্রেশন থেকে গ্রেপ্তারের নিন্দাও জানান রিপন।

সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী আসাদুজ্জামান, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম,আসাদুল করীম শাহিন, আবদুস সালাম আজাদ, হেলেন জেরিন খান, শাম্মী আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।