২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির ফল ৩০ মে

এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ শিক্ষার্থী তাদের ফল জানতে পারবে আগামী ৩০ মে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 04:44 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার সাংবাদিকদের জানান, ৩০ মে সকাল ১০টায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন।

এরপর বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

এরপরই শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। বোর্ড কর্তৃপক্ষ ই-মেইলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফল জানিয়ে দেবে। http://www.educationboardresults.gov.bd  থেকেও ফল জানা যাবে।

এছাড়া যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানতে পারবে শিক্ষার্থীরা। এজন্য এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিএনপি জোটের অবরোধ-হরতালের কারণে তা ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। হরতালের কারণে পিছিয়ে যায় এসএসসির সবগুলো পরীক্ষাই। কর্তৃপক্ষ বাধ্য হয়ে শুক্র-শনিবার পরীক্ষা নেয়।

গত ১০ মার্চ এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় গত ৩ এপ্রিল।

গতবছর ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৯১.৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করে; জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।