২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা খরচে পড়া যাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের ইন্টারনেট প্রকল্পের মাধ্যমে রবির গ্রাহকরা বিনা খরচে পড়তে পারবেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 10:56 PM

Updated : 12 Oct 2022, 03:40 PM

পুরনো খবর:

‘ফ্রি ইন্টারনেটে’ ২৫ ওয়েবসাইট

রোববার সকালে দেশে ইন্টারনেট ডট ওআরজি (www.internet.org) প্রকল্পের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

প্রকল্পের আওতায় মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির গ্রাহকরা বিনা খরচে ২৫ টি ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন, যার মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমও রয়েছে।

অন্যান্য ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে সরকারি তথ্যাবলি, চাকরির খোঁজ-খবর, ই-কমার্স, অনলাইন মার্কেট প্লেস, শিক্ষা সম্পর্কিত তথ্য, নারী স্বাস্থ্য, জরুরি নম্বর ও আবহাওয়া বার্তার কয়েকটি ওয়েবসাইট।

উদ্বোধন অনুষ্ঠানে পলক বলেন, “সরকার ফেইসবুকের সঙ্গে একমত যে বর্তমান প্রেক্ষাপটে বিনামূল্যে ইন্টারনেট সেবা পাওয়া একটি অধিকার। আজ একটি নতুন দিগন্ত উন্মোচিত হল।

“এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ফ্রি ইন্টারনেট একটি জ্ঞানভিত্তিক সমাজ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গড়তে সহায়ক হবে।”

তিনি জানান, বাংলাদেশের ৪ কোটি ৪০ লাখ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করেন, যা মোট জনসংখ্যার ২৭ শতাংশ। এ দেশে প্রতি ১২ সেকেন্ডে একজন ফেইসবুকে প্রোফাইল খুলছে, যা দেশের জন্মহারের চেয়েও বেশি।

১১ কোটি তরুণ বাংলাদেশিকে তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকারের লক্ষ্যের কথাও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ২৫টি ওয়েবসাইট যুক্ত হলেও ধীরে ধীরে প্রয়োজনীয় আরও অনেকগুলো ওয়েবসাইট এতে যুক্ত হবে। এটা কেবল শুরু। আশা করি, অন্য অপারেটররাও ধীরে ধীরে আমাদের এ উদ্যোগে এগিয়ে আসবে।”

ইন্টারনেট ডট ওআরজি অ্যাপের সাহায্যে মোবাইলে এবং সরাসরি কম্পিউটারে বিনা খরচে ওই সব ওয়েবসাইটের বিস্তারিত দেখা যাবে। অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ইন্টারনেট ডট ওআরজিতে লগ ইন করে ওয়েবসাইটে ঢোকা যাবে।

তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ শুরু হওয়ার আগে প্রতিমন্ত্রী পলক সিলিকন ভ্যালি পরিদর্শনে গেলে এ প্রকল্পটি বাংলাদেশে চালু করার বিষয়ে তাদের অনুরোধ জানান।

এর পরিপ্রেক্ষিতে প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেন ফেইসবুকের পরিচালক আঁখি দাস।

গত ২১ এপ্রিল এটুআই ও তথ্যপ্রযুক্তি বিভাগ এ প্রকল্প চালুর উদ্যোগ নিলেও কিছু কারিগরি জটিলতার কারণে তা সম্ভব হয়নি।

ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিশ্বের ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ইন্টারনেট ডট ওআরজি প্রতিষ্ঠা করেন। এটি একটি বৈশ্বিক অংশীদারিত্বমূলক উদ্যোগ।

সরকার, মোবাইল ফোন অপারেটর এবং অলাভজনক ও স্থানীয় কমিউনিটির সহায়তায় ইন্টারনেটবঞ্চিত বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের ইন্টারনেট পৌছে দিতে কাজ করছে এ প্রকল্পটি।

এশিয়া, আফ্রিকাসহ বিভিন্ন মহাদেশের ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষের কাছে ইন্টারনেট পৌঁছানোই এর মূল লক্ষ্য।

ইতোমধ্যে তানজানিয়া, কেনিয়া, কলাম্বিয়া, ঘানা, জাম্বিয়া ও ভারতে এ প্রকল্প চালু হয়েছে। দশম দেশ হিসেবে এখন বাংলাদেশও এ প্রকল্পের আওতায় এলো।

ফেইসবুকের পাশাপাশি এ উদ্যোগে রয়েছে স্যামসাং, এরিকসন, মিডিয়াটেক, ওপেরা সফটওয়্যার, কোয়ালকম ও নকিয়া।