২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলন্ত ট্রেন থেকে ছুটে গেল চারটি বগি

মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ি ঢাল বেয়ে ওঠার সময় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেসের চারটি বগি বিচ্ছিন্ন হয়ে পেছন দিকে চার কিলোমিটার চলে গিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 09:12 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

রোববার সন্ধ্যায় লাউয়ারছড়া জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এছাড়া ওই লাইনে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাউয়ারছড়া জাতীয় উদ্যানে পাহাড়ি খাড়া রেললাইন অতিক্রম করছিল।

“ওই সময় ট্রেনের ভ্যাকুয়াম পাইপ ও সংযোগকারী লক ছিড়ে গিয়ে পেছনের চারটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।”

এরপর ওই চারটি বগি পেছনের দিকে খাড়া ঢালু পথে চার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে শ্রীমঙ্গল স্টেশন পার হয়ে শাপলাবাগ স্টেশনে গিয়ে থামে।

ফয়জুর রহমান জানান, ট্রেনের সামনের অংশ ভানুগাছ স্টেশনে গিয়ে থামলে পেছনের চারটি বগি না থাকার বিষয়টি ধরা পড়ে।

এরপর বগি চারটি টেনে শ্রীমঙ্গলে স্টেশনে আনা হয়। রাত ৮টার দিকে বগিগুলোকে মূল ট্রেনের সঙ্গে যুক্ত করার কাজ চলছিল। বগিগুলো নিয়ে এরপর সিলেটের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা।