বেনাপোলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে চলাচল বন্ধ
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে এক পাসপোর্ট যাত্রীকে হয়রানির অভিযোগ তোলার পর শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক, শ্রমিক ও পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়।
রোববার বিকালে দুঘণ্টার এ সংঘর্ষের পর বেনাপোলে আমদানি-রপ্তানি ও মালামাল ওঠানামা বন্ধ হয়ে যায়। শ্রমিকরা যশোর-বেনাপোল সড়ক বন্ধ করে দিয়েছে।
সংঘর্ষের সময় পুলিশ শ্রমিক নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।
আহতদের মধ্যে রয়েছেন রাশেদুজ্জামান রাশেদ, স্থানীয় সাংবাদিক মিলন খান, শ্রমিক ইদ্রিস আলী, শ্রমিক আরাফাত আলী ও পুলিশ কনস্টেবল শাখাওয়াত।
তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন তা তাক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, বেলা ৩টার দিকে বেনাপোল বন্দর হ্যাল্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার কালসারি ও দিঘীর পাড় ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুজ্জামান রাশেদ তার এক আত্মীয়াকে সঙ্গে নিয়ে ইমিগ্রেশনে যান।
এক পর্যায়ে ইমিগ্রেশন পুলিশ শ্রমিক নেতা রাশেদকে আটকে রাখে।
খবরটি সাধারণ শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা সংঘবদ্ধ হয়ে জোরপূর্বক ইমিগ্রেশন ভবনে প্রবেশের চেষ্টা করে।
এতে ইমিগ্রেশন পুলিশ বাধা দেয় এবং এরপর দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের এক পর্যায়ে ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগ দেয় বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা পুলিশ।
বিকাল ৫টা পর্যন্ত এ সংঘর্ষ চলার পর শ্রমিকরা সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে সরে গিয়ে সড়কে অবরোধ দেয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, রাশেদকে আটকের প্রতিবাদে তার সমর্থকরা যশোর-বেনাপোল সড়কে কাগজপুকুর এলাকায় অবরোধ দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) মমিনুদ্দিন বলেন, কাউন্সিলর রাশেদের নেতৃত্বে বন্দর শ্রমিকরা চেকপোস্টের ইমিগ্রেশন ও কাস্টমস কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। শ্রমিকদের হামলায় অন্তত পাঁচ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশের উপর হামলার ঘটনায় কাউন্সিলর রাশেদসহ সাত জনকে আটক করা হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা নিশ্চিত করেছেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপূর্ব হাসান ও শার্শা থানার ওসি ইনামুল হকও বিষয়টি নিশ্চিত করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বেনাপোলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তারা।
