কর্মব্যস্ততায় মেয়র আনিসুলের প্রথম দিন
ঢাকা উত্তর সিটি করপোরেশনে রোববার প্রথম অফিস করলেন নবনির্বাচিত মেয়র আনিসুল হক।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়ার পাশাপাশি একাধিক অনুষ্ঠানে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে ব্যস্ত সময় পার করছেন এই ব্যবসায়ী।
দুপুরে রাজধানীর মহাখালীতে ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন আয়োজিত সংবর্ধনায় অংশ নিয়ে অফিসে যান মেয়র আনিসুল।
সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার দুপুরের পর স্যার এসে অফিস করেছেন।”
এর আগে গত বুধবার মেয়র হিসেবে শপথ গ্রহণের পর আনিসুল হক উত্তর সিটি করপোরেশনে গিয়ে কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছিলেন বলে জানান তিনি।
উত্তর সিটি করপোরেশনের মেয়রের ব্যক্তিগত সহকারী আবুল হোসেন দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার বিকাল ৩টায় গ্রামীণ ফোনের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে বিকেএমইএ, বিজিএমইএ ও বিটিএমএ-এর উদ্যোগে ঢাকায় নব-নির্বাচিত দুই মেয়রকে সংবর্ধনা দেওয়া হয়।
আনিসুল হকের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটির নবনির্বাচিত মেয়র সাঈদ খোকনও সেখানে উপস্থিত ছিলেন।
বিকেএমইএর সভাপতি একেএম সেলিম ওসমান, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিটিএমএর সভাপতি তপন চৌধুরীসহ ব্যবসায়ীদের বিভিন্ন অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
