কক্সবাজারে ৯৫ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩৫
কক্সবাজারের রামু ও টেকনাফে পৃথক অভিযানে ৯৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
রোববার এ অভিযান চলাকালে ৩৫ জনকে আটক এবং ইয়াবা পাচারে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয় বলে বিজিবি জানিয়েছে।
কক্সবাজারস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, ইয়াবা পাচারের সঙ্গবদ্ধ একটি চক্র পর্যটক বেশে দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা পাচার করে আসছিল বলে গোপন তথ্য ছিল।
ওই তথ্যের ভিত্তিতে বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে রামুর মরিচ্যাস্থ বিজিবি চেকপোস্টে পর্যটকবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৪৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ৩৫ পাচারকারীকে আটক করা হয়।
তিনি জানান, ইয়াবা পাচারকারী চক্রটি পর্যটকদের বহনকারী গাড়িতে তল্লাশি না চালানোর সুযোগ কাজে লাগিয়ে বাস ভাড়া করে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিল।
টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, টেকনাফের শাহাপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
