২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতি পোষাতে ৭ দিন ক্লাস হবে গ্রীষ্মের ছুটিতে

বিএনপি জোটের লাগাতার হরতাল-অবরোধে শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গ্রীষ্মের ছুটির মধ্যে ‘সুবিধামত’ সাতদিন ক্লাস চালাতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 02:57 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

কোন সাত দিন ক্লাস হবে তা নির্ধারণ করে না দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা মতো গ্রীষ্মের ছুটির মধ্যে যে কোনো সাত দিনের জন্য ‘আলাদা ক্যালেন্ডার’ করে নেবে।

রোববার সচিবালয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত দেন নাহিদ।

তিনি বলেন, “সাত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পরিচালনা পর্যদ এবং শিক্ষার্থীদের নিয়ে বসে আলাদা ক্যালেন্ডার করে নেবেন। এরপরেও যদি ক্ষতি কাটাতে নিতে না পারেন, পরে তা দেখা হবে।”

এবার সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত ১৪ থেকে ২৮ মে (১৩ দিন)। আর কলেজে গ্রীষ্মকালীন ছুটি ছিল ১ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপিজোটের লাগাতার অবরোধ-হরতালে সব শিক্ষা প্রতিষ্ঠান ‘সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়নি’ বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। এবার রোজার সময়ও ছুটি কমানো হবে কি না সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এ বছর সরকারি-বেসরকারি কলেজে রোজা ও ঈদের ছুটি ৫ থেকে ২১ জুলাই (১৫ দিন)। আর সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ জুন থেকে ২১ জুলাই (২৯ দিন) রোজার ছুটি।

সরকার পতনের ডাক দিয়ে গত ৫ জানুয়ারি থেকে তিন মাস লাগাতার অবরোধের সঙ্গে হরতালের কর্মসূচি পালন করে বিএনপিজোট।

গত এসএসসির সবগুলো পরীক্ষাই হরতালের কারণে পিছিয়ে যায়। ১০ মার্চ এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও গত ৩ এপ্রিল এই পরীক্ষা শেষ হয়।

এই পরিস্থিতিতে বৈঠকে বিভিন্ন স্কুল-কলেজের প্রধানরাও হরতাল-অবরোধে শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে গ্রীষ্মকালীন অবকাশ ও রোজার ছুটি কমানোর পরামর্শ দেন।

এছাড়া জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা কিছুদিন পিছিয়ে দেওয়ার দাবি জানান কয়েকজন প্রধান শিক্ষক।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ওই সভায় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

তিন মাস পর ‘বছর’ শুরু