২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্নান্দেজ-তারানকোর সফরের ‘তথ্য নেই’ জাতিসংঘ মুখপাত্রের কাছে

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আবারও আলোচনার টেবিলে আনতে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকোর ঢাকা সফর নিয়ে কোনো তথ্য নেই জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 12:44 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

তারানকোর সম্ভাব্য সফর নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শনিবার জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, “ফারনান্দেজ-তারানকোর ভ্রমণের বিষয়ে জানানোর মতো কিছুই আমার কাছে নেই।”

গত ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশনে নির্বাচন চলার মধ্যেই ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বর্জনের ঘোষণা দেন বিএনপিসমর্থিত প্রার্থীরা। এরপর  জাতিসংঘের পক্ষ থেকে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত চাওয়া হয়। একই কথা বলা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও।   

তিন সিটিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হন। অধিকাংশ কাউন্সিলরও তাদের।

ভোটের তিন দিন পর বান কি-মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য তারানকোকে দায়িত্ব দেওয়ার কথা বলেন। এরপরই গণমাধ্যমে তারানকোর সম্ভাব্য ঢাকা সফরের খবর আসে।

আলোচনার ক্ষেত্র প্রস্তুতের জন্য ফার্নান্দেজ-তারানকো রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করেছেন কি না জানতে চাইলে ফারহান হক বলেন, “আমি বলেছি ঘোষণা করার মত আমার কাছে কিছুই নেই। এ অবস্থার পরিবর্তন হলে আপনাদের জানাব।”

মহাসচিবের মুখপাত্র কিছু না জানাতে পারলেও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মোমেন বলেন, “গত সপ্তাহে অস্কার ফার্নান্দেজ-তারানকোর সঙ্গে আমার কথা হয়েছে। সে সময় তিনি বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেন। আমি তাকে জানিয়েছি, সাধারণ নির্বাচনের বাকি আছে আরও সাড়ে ৩ বছরের মতো। ওই নির্বাচন নিয়ে কথা বলার প্রয়োজন হলে তা হতে পারে আরও আড়াই বছর পর। এখন তো বাংলাদেশে কোনো সমস্যা নেই।”

তার কথায় ‘সন্তুষ্ট হতে না পেরেই’ ফার্নান্দেজ-তারানকো মহাসচিবকে ‘ঢাকায় ফোন করতে রাজি করান’ বলে কে এ মোমেনের ধারণা।

তবে সদ্যসমাপ্ত তিন সিটি নির্বাচন নিয়ে ‘সঠিক তথ্য’ জানানোর পর জাতিসংঘ মহাসচিব ‘আগের অবস্থানে নেই’ বলেও দাবি করেন রাষ্ট্রদূত।

দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে ২০১৩ সালে দুই দফা ঢাকা সফর করেন সহকারী মহাসচিব ফার্নান্দেজ-তারানকো। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে সরকারের সমঝোতার জন্য চেষ্টা চালান তিনি।

সে সময় সংলাপের চেষ্টা ব্যর্থ হয় এবং বিএনপির বর্জনের মধ্যেই ভোট করে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

রাজনৈতিক বিষয়ক সহকারি মহাসচিব পদে থাকা অবস্থায় বাংলাদেশে এসেছিলেন অস্কার ফার্নান্দেজ-তারানকো। ২০১২ সালে তাকে জাতিসংঘের শান্তিরক্ষায় সহায়তা বিষয়ক সহকারী মহাসচিব করা হয়।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীকে বানের ফোন, দায়িত্বে ফার্নান্দেজ-তারানকো
ভোট কারচুপির অভিযোগ: তদন্ত চায় জাতিসংঘ