বাগেরহাটে নিখোঁজ দিনমজুরের লাশ মিললো বিলে
বাগেরহাটে কয়েকদিন ধরে নিখোঁজ এক দিনমজুরের লাশ গভীর রাতে একটি বিল থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাতে সদর ও ফকিরহাট উপজেলার সীমান্তবর্তী বালিয়াডাঙ্গা গ্রামের বিলে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক জানান।
নিহত নূর ইসলাম বক্সের (৫০) বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বরইতলা গ্রামে। গত ৭ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন।
“লাশ দেখে মনে হচ্ছে ২/৩ দিন আগেই তার মৃত্যু হয়েছে, এটি হত্যাকাণ্ড কিনা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।”
পরিবারের বরাত দিয়ে ওসি তোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বজলু চাকলাদার নামের এক ব্যক্তি তার পানের বরজে কাজ করানোর জন্য গত ৫ মে দিনমজুর নূরকে নিয়ে যান। দুই দিন পর তিনি নিখোঁজ হলে বিষয়টি নুরের পরিবারকে জানান বজলু।
পরে বজলুর বাড়ি থেকে বেশ দূরের ওই বিলে নুরের লাশ পাওয়া যায়।
ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
