বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে আহত ২
বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার সন্ধ্যায় বান্দরবান শহরের বালাঘাটায় কালি মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইউপিডিএফ কর্মী বিক্রম তঞ্চঙ্গ্যা (৩৪) ও মো. নাছির (২৯)।
তাদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবান থানার ওসি মো. আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় এক ইউপিডিএফকর্মী ও এক বাঙালি যুবককে দুর্বৃত্তরা গুলি করে আহত করেছে।
ইউপিডিএফ কর্মী বিক্রম তঞ্চঙ্গ্যাসহ দুইজন ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন জানান ইউপিডিএফ বান্দরবান ইউনিটের আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা।
বান্দরবান জেলা জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সভাপতি উছোমং মারমা বলেন, আগামী ২০ই মে বান্দরবানে তাদের কেন্দ্রীয় সম্মেলন হচ্ছে।
‘সম্মেলন বানচালের জন্য বিশেষ মহলের ঈশারায় ইউপিডিএফকে’ দিয়ে এই ঘটনা সাজানো হয়েছে বলে দাবি করেন তিনি।
