রূপা হকের বাড়ি পাবনায় উচ্ছ্বাস
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হকের পৈত্রিক বাড়ি পাবনায় উচ্ছ্বসিত তার আত্মীয়রা।
পাবনা শহরের মকছেদপুরে রূপার দাদা বাড়ি, আর নানা বাড়ি শহরের কুঠিপাড়ায়। দাদা মনছের আলী ও নানা মুসা বিশ্বাস মারা গেছেন বেশ আগেই। আছেন তার মামা-চাচারা।
১৯৭২ সালে লন্ডনে জন্ম নেওয়া রূপা চার থেকে পাঁচ বার পাবনায় এসেছেন বলে তার এক মামা জানিয়েছেন।
টেলিভিশনে রূপার নির্বাচনে জয়ের খবর শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার বড় মামা আবুল বাসেদ বিশ্বাস আন্টু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাবনার মেয়ে আমাদের রূপা ব্রিটিশ এমপি হয়েছে- এর চেয়ে আর বড় খবর কী হতে পারে! আমরা দোয়া করি ও আরও বড় হোক।”
যুক্তরাজ্য প্রবাসীদের কল্যাণে রূপা ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
রূপার সুস্থতা এবং তিনি যাতে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে পারেন সেজন্য দোয়া করেছেন বলে জানিয়েছেন তার বড় মামী রিজিয়া বিশ্বাস।
মামাতো ভাই সেলিম বিশ্বাস বলেন, রূপা হক কুঠিপাড়ায় এলে শুধু তার মটরসাইকেলেই চড়তেন।
“ও পাবনার অনেক জায়গা চেনে। রূপার খুব প্রিয় জায়গা পাবনা- তাইতো ওর বিজয়ের কথা শুনে খুবই খুশি হয়েছি। আমরা কল্পনাও করতে পারিনি, সে এত বড় অবস্থানে যেতে পারবে। এটা শুধু আমাদের জন্য নয়, পাবনাবাসী তথা বাংলাদেশের জন্য গৌরবের।”
রূপার মামা আবুল কালাম আজাদ (এ্যাপাচি বিশ্বাস) আশির দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৈত্রীর সঙ্গে জড়িত ছিলেন।
রূপা চার/পাঁচ বার পাবনায় এসেছেন জানিয়ে এ্যাপাচি বিশ্বাস বলেন, “সে আমার ঘরে ঢুকে কালমার্কস, লেনিন, মাও সেতুং, মাওলানা ভাসানীর ছবি দেখে প্রশ্ন করত- এদের ছবি কেন ঘরে রাখি। কেন রাজনীতি করি তাও আবার বামপন্থি।
“সে সময় রূপার প্রশ্নের জবাব দিতে হত অনেক বেশি সময় ধরে। সেই থেকে ও আরো বেশি রাজনীতিতে আসক্ত হয়ে পড়ে এবং ব্রিটেনে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় লেবার পাটির সাথে জড়িয়ে পড়ে। শেষ অবদি আজ লেবার পাটির এমপি নির্বাচিত হয়েছে।”
প্রবাসী বাংলাদেশি ও ব্রিটেনের সুবিধা বঞ্চিত মানুষের জন্য রূপা কাজ করবেন বলে প্রত্যাশা জানান তিনি।
এক ফ্রেমে তিন বোন- রূপা হক (মাঝে), নতুন হক (ডানে) ও কনি হক (বাঁয়ে)। রূপার মামাবাড়ি থেকে পাওয়া ছবি।
প্রয়াত ফজলুল হক ও দুলালী বিশ্বাসের তিন মেয়ের মধ্যে দ্বিতীয় রূপা হক। তার
পুরো নাম রূপা আশা হক। অন্য দুই বোন নতুন হক ও কনি হক। বিবিসির ব্লু পিটার শো উপস্থাপনার কল্যাণে ছোট বোন কনির নাম ব্রিটিশদের কাছে খুবই পরিচিত।
রূপা হকের এক বোন শিশু অবস্থায় মারা গেলে তার লাশ লন্ডন থেকে এনে পাবনার আরিফপুর কবরস্থানে দাফন করা হয় বলে তার মামা এ্যাপাচি জানান।
৪৩ বছর বয়সী রূপা হকের আরাফাত নামে ছেলে রয়েছে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে লেবার পার্টির হয়ে উত্তর-পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে এমপি হয়েছেন রূপা।
প্রায় ৭০ হাজার ভোটারের এই আসনে ২০১০ সালের নির্বাচনে লেবার পার্টির প্রার্থীকে হারতে হয়েছিল তিন হাজার ৭১৬ ভোটের ব্যবধানে। সেই ফল উল্টে দেওয়ার কঠিন কাজটিই করেছেন ড. রূপা।
এবারের নির্বাচনে রূপা পেয়েছেন ২২ হাজার ২ ভোট। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী এনজি ব্রে ২১ হাজার ৭০১ ভোট পেয়ে হেরেছেন।
রূপা হক কেমব্রিজে পড়েছেন রাজনীতি, সামাজিক বিজ্ঞান ও আইন বিষয়ে। আর কিংস্টন ইউনিভার্সিটিতে এতদিন পড়িয়েছেন সমাজ বিজ্ঞান, অপরাধ বিজ্ঞান, গণমাধ্যম ও সংস্কৃতি অধ্যয়নের মতো বিষয়। এর আগে ডেপুটি মেয়র হিসাবে স্থানীয় সরকারেও দায়িত্ব পালন করেছেন তিনি।
রূপা হক একাধারে লেখক, মিউজিক ডিজে ও কলামনিস্ট হিসাবে পরিচিত।
এর আগে ২০০৫ সালের নির্বাচনে চেশাম ও এমারশাম আসন থেকে লেবার পার্টির মনোনয়ন পেলেও সেবার তিনি নির্বাচিত হতে পারেননি রূপা। এছাড়া ২০০৪ সালে ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন তিনি।
