গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জ সদর উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে স্কুলছাত্র এক শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছে আরও এক শিশু।
মৃত ইব্রাহিম শেখ (১০) খুলনা প্লাটিনাম জুটমিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং জুট মিল এলাকার শেখ নাজমুল হক হিটুর ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, শনিবার সকালে সদর উপজেলার গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থ সৈয়দ হাসান (১০) ইব্রাহিমের খালাতো ভাই। তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জাকির বলেন, স্কুলের পরীক্ষা শেষে গ্রীষ্মের ছুটিতে ইব্রাহিম ও তার খালাতো ভাই হাসান গোবরা গ্রামের নানা বাড়িতে বেড়াতে আসে।
“শনিবার সকাল ১০টার দিকে এ দুই শিশু তাদের নানা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ইব্রাহিম।”
আশপাশের লোকজন দ্রুত হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
