২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে চাপা দিয়ে উল্টে গেল বাস

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে পথচারী এক শিশু মারা গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 11:41 AM

Updated : 12 Oct 2022, 03:40 PM

পুরনো খবর:

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শিশুটিকে ধাক্কা দেওয়ার পর বাসটি উল্টে এর অর্ধশতাধিক যাত্রীও আহত হয়েছে বলে পুলিশ জানায়।

আহতদের মধ্যে ১৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের কামারপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী ঠাকুরগাঁও পরিবহনের নৈশকোচটি স্কুলছাত্রী তাছলিমা আক্তারকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধান ক্ষেত্রে পড়ে যায়।

আট বছর বয়সী তাছলিমা ঘটনাস্থলেই মারা যায় বলে ওসি জানান। তাছলিমা কামারপুকুর ইউনিয়নের দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী। সে আইসঢাল গ্রামের মাজেদুল ইসলামের মেয়ে।

বাসটিতে শতাধিক যাত্রী ছিল জানিয়ে ওসি বলেন, এটি উল্টে গেলে ৬৪ জন আহত হন। তাদের সৈয়দপুর হাসপাতালে নেওয়া হয়।

১৫ জনের অবস্থা গুরুতর বলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন সৈয়দপুরের চিকিৎসকরা।

দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পলাতক বলে ওসি জানান।