২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে কনজারভেটিভ পার্টি পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 01:43 AM

Updated : 22 Aug 2022, 12:14 PM

যুক্তরাজ্য-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ক্যামেরনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, যাতে দ্বিতীয় মেয়াদে আরো পাঁচ বছর প্রধানমন্ত্রী থাকতে পারছেন ক্যামেরন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আপনি পুনর্নির্বাচিত হওয়ায় আমি আনন্দের সাথে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পুনরায় আপনার প্রতি জনগণের এই রায় ইউরোপে দ্রুত বর্ধনশীল বিশেষ করে যুক্তরাজ্যের অর্থনীতিকে জোরদার করার লক্ষ্যে আপনার নেতৃত্বের প্রতি জনগণের একটি সুস্পষ্ট স্বীকৃতি।”

গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ধর্ম নিরপক্ষেতা, অভিন্ন ও পারস্পরিক কল্যাণমূলক স্বার্থের ভিত্তিতে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক  পরিপক্কতা ও স্থায়িত্ব লাভ করেছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন,  “বাংলাদেশ ও যুক্তরাজ্য গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার করা, দুস্থদের ক্ষমতায়ন, সন্ত্রাস ও চরমপন্থা মোকাবেলা, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে।”

ক্যামেরনের ‘যোগ্য ও গতিশীল’ নেতৃত্বে দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমার দৃঢ় বিশ্বাস আপনার সফর আমাদের সম্পর্ক জোরদারে আরো অবদান রাখবে এবং আরো উচ্চমাত্রায় নিয়ে যাবে।”

ক্যামেরন ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধিও কামনা করেন তিনি।