চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু
সেনাবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবার শুরু হয়েছে।
বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পেরুলে সেনাবাহিনীর ট্রেন আর্মি স্পেশাল লাইনচ্যুত হলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে রাত সাড়ে ৮টায় লাইন মেরামতের কাজ শেষ করে। এরপর চলাচল স্বাভাবিক হয়।
ওই দুর্ঘটনায় তিন সেনা সদস্য আহত হয়েছেন। তাদের কুমিল্লা সিএমএইচএ পাঠানো হয়। তাবে, তাদের নাম জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।
এ দুর্ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে।
লাকসাম রেলওয়ের পরিবহন কর্মকর্তা মাসুদ সরওয়ার জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী আর্মি স্পেশাল ট্রেনটি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পেরুলে পৌঁছলে ট্রেনটির দুই বগির সব চাকা লাইনচ্যুত হয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়।
এতে প্রায় এক হাজার মিটার রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়।
ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন যাত্রীবাহী ট্রেনের যাত্রীরা বিভিন্ন স্টেশনে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহায়।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস লাকসামে, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস কুমিল্লায়, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস কুমিল্লা রেল স্টেশনে আটকা পড়ে।
মেরামতের পর ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে রওয়ানা হয় বলে জানান এই রেলওয়ে কর্মকর্তা।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে লাকসাম রেলওয়ের পরিবহন কর্মকর্তা মাসুদ সরওয়ারকে আহবায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আহত সেনা সদস্যদের লাকসামে প্রাথমিক চিকিৎসার পর কুমিল্লা সিএমএইচে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
