২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়দিন পর মৃত্যুর কোলে অগ্নিদগ্ধ গৃহবধূ পাপিয়া

‘দেবর-শাশুড়ির দেওয়া’ আগুনে দগ্ধ হওয়ার ছয়দিন পর মারা গেলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার অন্তঃসত্ত্বা গৃহবধূ পাপিয়া আক্তার (২০)।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 07:53 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

করিমগঞ্জ থানার ওসি বজলুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই রাতেই ঢাকায় লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয় বলে জানান তিনি।

পাপিয়া আক্তার করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়নের উলুখলা গ্রামের আশিকুল হকের (২৫) স্ত্রী।

গত ২ মে পাপিয়ার শাশুড়ি পারুল আক্তার ও দেবর মাশেকুল হক (২২) মুখ-হাত বেঁধে কেরোসিন ঢেলে তার গায়ে আগুন ধরিয়ে দেন বলে স্বজনরা অভিযোগ করেন।

ওসি বজলুর রহমান জানান, ঘটনার দিনই মাশেকুল হককে গ্রেপ্তার করা হয়। তবে স্বামী আশিকুল হক, শ্বশুর আনোয়ারুল হক ও শাশুড়ি পারুল আক্তার পলাতক রয়েছেন।

এ ঘটনায় পাপিয়ার বড়ভাই সিরাজ মিয়া বাদী হয়ে করিমগঞ্জ থানায় পাপিয়ার শ্বশুর, শাশুড়ি, স্বামী, দেবর এবং স্বামীর ফুফু বিবি হাওয়াকে আসামি করে মামলা করেছেন।

পলাতক আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে বলে জানান তিনি।

মামলার অভিযোগে বলা হয়, উলুখলা গ্রামের আনোয়ারুল হকের ছেলে আশিকুল হক দেড় বছর আগে পূর্বপরিচয় সূত্রে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের কৃষক নজির মিয়ার মেয়ে পাপিয়াকে বিয়ে করেন।

কিন্তু আশিকের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। এ কারণে পাপিয়ার উপর সবসময় শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। পাপিয়াকে তালাক দেওয়ার জন্যও স্বামী আশিকের উপর চাপ দেয় পরিবারের লোকজন।

এ নিয়ে গত ২ মে স্বামীর গ্রামে সালিশ হওয়ার কথা ছিল।

সেদিন পাপিয়ার বাবা নাজির মিয়া কয়েকজন আত্মীয়কে নিয়ে সালিশের উদ্দেশ্যে পাপিয়ার শ্বশুর বাড়িতে এসেছিলেন।

কিন্তু সালিশের আগেই সকাল ৯টার দিকে ঘরের দরজা লাগিয়ে শ্বশুর আনোয়ারুল হকের উপস্থিতিতে শাশুড়ি পারুল আক্তার ও দেবর মাশেকুল হক চার মাসের অন্তঃসত্ত্বা পাপিয়ার মুখ ও হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

এ সময় স্বামী আশিকুল হক ঘটনাস্থলে না থাকলেও তার ইন্ধন ছিল বলে মামলায় অভিযোগ করা হয়।

পুরনো খবর:

কিশোরগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা