উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ ও ছাত্রের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে হাতিয়া ইউনিয়নের বাগুয়া অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
উলিপুর থানার ওসি জমিদার রহমান জানান, এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী লাল মিয়া নামের এক কৃষকের বাড়িতে ভাংচুর চালিয়েছে। তার বাড়িতে নেওয়া বৈদ্যুতিক তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
মৃতরা হলেন অনন্তপুর গ্রামের একরামুল হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩৮) ও কৃষক জাবেদ আলীর ছেলে বালার চর নাসিরিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র আতিকুর রহমান আতিক (১৪)।
ওসি জমিদার রহমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে আতিক এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। এ সময় পাশের কৃষক লাল মিয়ার জমি থেকে বল আনতে গেলে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে তার পা জড়িয়ে যায়।
তার চিৎকার শুনে প্রতিবেশী গৃহবধূ আমেনা বেগম আতিককে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার রফিকুল আলম সরদার তাদের মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, দুজনের মৃত্যুর খবর পেয়ে এলাকার লোকজন দুপুরে কৃষক লাল মিয়ার বাড়িতে হামলা করে। এ সময় তার দরজা-জানালা, টিনের বেড়া ও আসবাবপত্র ভাংচুর করা হয়।
দুপুর থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন জানান, চৌমুহনী গ্রামের লাল মিয়া জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ নেন। ক্ষেতের মাঝে রয়েছে সেচের মেশিন ঘর। সেখান থেকে বাঁশের খুঁটি লাগিয়ে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেন।
বৃহস্পতিবার রাতে ঝড়ে সংযোগ তারটি ছিঁড়ে পড়ে ক্ষেতে।
বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। লাশ দাফনের প্রস্তুতিও চলছে বলে তিনি জানান।
