২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে যুবককে গুলি করে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 10:03 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

নিহতের নাম বিল্লাল হোসেন (২৩)। মীর হাজিরবাগের বউবাজারে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

নিহতের বড় ভাই আলআমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মীর হাজিরবাগের খাড়পাড়ে এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন বিল্লাল।

“এসময় স্থানীয় নাটাই সোহেল, রানা ও জুয়েলসহ সাত-আটজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়।”

আহত অবস্থায় বিল্লালকে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আল আমিন জানান, সোহেলের কাছ থেকে একটি মোবাইল কিনেছিলেন বিল্লাল। মোবাইলটি চোরাই হওয়ায় পুলিশ বিল্লালকে গ্রেপ্তার করে। পাঁচ মাস জেলে ছিলেন তিনি।

বিল্লাল জেল থেকে বের হওয়ার মোবাইল নিয়ে সোহেলের সঙ্গে তার ঝগড়া হয়।

“এ কারণে তারা বিল্লালকে হত্যা করেছে,” বলেন তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র জানান, বিল্লালের বুক ও পাজরে দুটি গুলি লেগেছিল।

যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর কর বলেন, “বিল্লালও একজন সন্ত্রাসী ছিল। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করা হচ্ছে।”

তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন বিল্লাল। তার বাবার নাম মালেক কাজী। গ্রামের বাড়ির চাঁদপুরের ফরিদগঞ্জে।