২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ আসছেন শুক্রবার

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করতে শুক্রবার সিরাজগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 08:10 PM

Updated : 12 Oct 2022, 03:39 PM

বৃহস্পতিবার সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি নবনির্মিত পাসপোর্ট অফিস, মেরিন একাডেমি, শেখ রাসেল পার্ক, জেলা রেজিস্ট্রি অফিস ও সম্প্রসারিত ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টেরও উদ্বোধন করবেন।

এছাড়া শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ি পরিদর্শন ও কবিগুরুর ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে সেখানে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান হালিমা আফরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাছারিবাড়ি পরিদর্শনে প্রধানমন্ত্রীর আসার কথা আছে। সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জেলায় কয়েকটি স্থান নির্বাচন করা হয়েছে জানিয়ে শাহজাদপুরের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন বলেন, শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের রাউতারা মৌজায় প্রায় ১৪ শ একর খাস জমি রয়েছে।

বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রাথমিকভাবে দরকার হবে মাত্র ৫০ একর জমি। অনায়াসে এখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হতে পারে বলে জানান তিনি।