মোবারকগঞ্জ চিনিকলে অন্তোষ, বিক্ষেভ
ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলে ৭৭টি কর্মীপদ স্থায়ী করার দাবিতে আন্দোলন করছেন শ্রমিক-কর্মচারীরা।
বৃহস্পতিবার শ্রমিক-কর্মচারীরা মিলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের বাসভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবরুদ্ধ করেন এবং সেখানে অবস্থান নেন।
মঙ্গলবার থেকে শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করছেন।
মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী জানান, গত সোমবার মৌসুমী পদে এবং মঙ্গলবার স্থায়ী পদে শ্রমিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কিন্তু নিয়োগ কমিটি কর্মচারীদের নিয়োগ চূড়ান্ত না করে তড়িঘড়ি করে ঢাকায় ফিরে যান।
তিনি জানান, দীর্ঘ ১০/১২ বছর ধরে কর্মরত চুক্তিভিক্তিক শ্রমিকদের নিয়োগ দেওয়ার কথা থাকলেও তাদেরকে পাশ কাটিয়ে বাইরে থেকে শ্রমিক নিয়োগ দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে তারা আন্দোলন করছেন।
ক্যাজুয়াল শ্রমিকদের স্থায়ী নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ ব্যাপারে মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় চিনি শিল্প করপোরেশন কর্তৃপক্ষ এ নিয়োগ প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছে। এখন তার করার কিছু নেই।
তার বাসভবনের প্রধান ফটকে তালা দিয়ে বাইরে শ্রমিক-কর্মচারীরা অবস্থান করছেন এবং তিনি ভেতরে রয়েছেন। বাইরে পুলিশ মোতায়েন রয়েছে বলে জনান তিনি।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, শ্রমিকরা তিন দিন ধরে আন্দোলন করছে। এখন পর্যন্ত তাদের আন্দোলন শান্তিপূর্ণ আছে। মিলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
